বন্দরে ৩ নারী নির্যাতন
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
বন্দরে যৌনকর্মী আখ্যা দিয়ে তিন নারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনায় গ্রেফতার ইউপি সদস্য ইউসুফ হোসেনের ২ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল মঙ্গলবার বন্দর থানা পুলিশ ৮ দিনের রিমাণ্ড চেয়ে ইউসুফ হোসেনকে আদালতে প্রেরণ করে। এর আগে ঐ নির্যাতনের ঘটনায় এক নারী বাদী হয়ে ইউসুফ মেম্বারসহ ৯ জনকে আসামি করে সোমাবার রাতে বন্দর থানায় মামলা করে। মামলার পরই পুলিশ ইউসুফ মেম্বারকে গ্রেফতার করে। এ দিকে এ ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের তিন সদস্যের একটি টিম নারায়ণগঞ্জে এসেছিল। তারা ভুক্তভোগী একজনের সাথে কথা বলে ঘটনার বিস্তারিত জানেন। পরে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামকে মামলা গ্রহণ করার জন্য অনুরোধ করেন। এ ঘটনায় ভুক্তভোগীদের সকল প্রকারের দায়িত্ব নেবে বলে জানিয়েছে মানবাধিকার কমিশন।
সোমবার দুপুরে জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক (অভিযোগ ও তদন্ত) জেলা ও দায়রা জজ আল মাহমুদ ফায়জুল কবিরের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম জেলা আদালতে আসেন। এ সময় ভুক্তভোগী এক নারীকে হাসপাতাল থেকে নিয়ে আসা হয়। পরে জেলা ও দায়রা জজ আদালতের একটি কক্ষে ভুক্তভোগীর কাছ থেকে ঘটনার বিস্তারিত জানেন মানবাধিকার কমিশনের সদস্যরা। ভুক্তভোগী ঐ নারী মানবাধিকার কমিশনের সদস্যদের কাছে তার উপর নির্যাতনের ঘটনা বিস্তারিত খুলে বলেন। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নগুলোও দেখান তিনি।
