কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
ঢাকার কেরানীগঞ্জে তৈরি হচ্ছে ভেজাল আখের ও খেজুরের গুড়। কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর বাঘৈর এলাকায় পচা মিষ্টি ও মিষ্টির সিরা, ইউরিয়া সার, ময়দা, হাইড্রোজ, খাবারের সোডা ও খেজুরের রসের ফ্লেভার দিয়ে তৈরি করা হচ্ছে এ ভেজাল গুড়। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজেন্দ্রপুর বাঘৈর এলাকায় নোংরা পরিবেশে ৫টি ভেজাল গুড়ের কারখানায় প্রতিদিন ২০ থেকে ২৫ মণ গুড় তৈরি করা হয়। পরে এ ভেজাল গুড় সাভার, মানিকগঞ্জ, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ ও রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়।
একটি কারখানার অনেক দিনের পুরনো এক কারিগর জানান, প্রতি সপ্তাহের শনিবার তাদের মালিক নিজস্ব ৫টি মিনি কাভার্ডভ্যানে রাজধানীর মিষ্টির দোকানগুলোতে জমানো মিষ্টির সিরা ও পচা মিষ্টি নিয়ে আসেন। পরে ঐ পচা মিষ্টি ও সিরার সাথে ময়দা, ইউরিয়া সার, খাবার সোডা, হাইড্রোস ও খেজুরের রসের ফ্লেভার মিশিয়ে ঘণ্টাব্যাপী আগুনে জ্বাল করে ও ছোট ছোট টিনে ঢেলে ফ্যানের বাতাসে কিছুক্ষণ রাখলেই তৈরি হয় খেজুরের ও আখের গুড়। ঐ ভেজাল গুড় দেখে বোঝার উপায় নেই আসল না নকল গুড়। ভেজাল খেজুরের গুড় ৯০ টাকা ও আখের গুড় ৭০ টাকা কেজি দরে বিক্রি করা হয়। প্রতিদিন সাভার ও জিনজিরাসহ বিভিন্ন স্থানে নিজস্ব পরিবহনে এ গুড় সরবরাহ করা হয়।
