চলমান নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে বাংলাদেশ ইসপাত ও প্রকৌশল সংস্থায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার সকালে দুদক (কেন্দ্র-১০৬) এ অভিযোগ আসে যে বাংলাদেশ ইসপাত ও প্রকৌশল সংস্থায় চলমান নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হচ্ছে। এ অভিযোগের ভিত্তিতে দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরীর নির্দেশে দুদকের একটি এনফোর্সমেন্ট টিম তাত্ক্ষণিক এ অভিযান চালায়। দুদকের পরিচালক শফিকুর রহমান ভুঁইয়া এবং সহকারী পরিচালক জেসমিন আক্তার এর সমন্বয়ে গঠিত টিম এই অভিযান পরিচালনা করে।
দুদক সূত্র জানায়, দুদকে আগত অভিযোগে বলা হয় বর্তমানে ইসপাত ও প্রকৌশল সংস্থায় সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী, অডিট অফিসার, একাউন্টস অফিসার, সহকারী প্রোগ্রামার এই পাঁচ স্তরে নিয়োগ পরীক্ষা চলমান রয়েছে। এসব নিয়োগে পছন্দের কয়েকটি প্রার্থীদের নিয়োগ প্রদানের জন্য কৌশলে নিয়োগ প্রক্রিয়ায় কর্তৃপক্ষ পক্ষপাতমূলক আচরণ করছে। দুদক সরেজমিনে নিয়োগ কার্যক্রম পরীক্ষা ও পর্যালোচনা করে এবং নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত রাখতে কর্তৃপক্ষকে পরামর্শ প্রদান করে।
এ প্রসঙ্গে মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, নিয়োগ প্রক্রিয়াকে দুর্নীতিমুক্ত রাখতে দুদকের এটি একটি প্রতিরোধমূলক কার্যক্রম। আশা করা যায়, এতে প্রত্যেকে সচেতন এবং সতর্ক হবে।
