‘শেখের বেটির নৌকায় ভোট দিতে আঁসসি’ 

আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৬:২২

'আঁই চলাফিরা গরিত নপারি। কিন্তু আঁর ওগ্গা ভোড়র কারণে যদি নৌকা মার্কা ন-জিতে? এতল্লাই শেখর বেটির নৌকায় ভোট দিতে আঁসসি। আঁরে এলাকার পুঁয়াইন ও পুলিশে চিয়ারত বোয়াই পালকি কোলা গঁরি ভোট দিয়াইয়ে।' (আমি চলাফেরা করতে পারি না। কিন্তু আমার একটা ভোটের কারণে যদি নৌকা হেরে যায়? সে কারণে শেখ মুজিবের মেয়ের নৌকায় ভোট দিতে এসেছি। এলাকার ছেলেরা পুলিশের সহায়তায় চেয়ারে পালকি ভঙ্গিতে এনে ভোট দেওয়ার ব্যবস্থা করেছে।)

কক্সবাজারের চকরিয়ার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পূর্ব দরবেশ কাটা ফোরকানিয়া মাদরাসা কেন্দ্রে ভোট দিতে আসা বিলকিস বেগম (৭৪) এ সব কথা বলেন। তার বয়সী ফাতেমা বেগম এসেছেন লাঠিতে ভর করে। তিনিও পূর্ব দরবেশ কাটা ফোরকানিয়া মাদরাসা কেন্দ্রে ভোট দিয়েছেন। এ দুই বৃদ্ধার মতোই নারী ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে স্ব স্ব এলাকার কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছেন।

ভোট দিয়ে বাড়ি ফিরছেন ফাতেমা বেগম।

জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদত হোসাইন বলেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সবখানেই সুশৃঙ্খল পরিবেশে ভোট গ্রহণ হয়েছে।

 

ইত্তেফাক/ইউবি