ইত্তেফাক রিপোর্ট
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে ঢাবির বিভিন্ন হলগুলোতে বিকাল ৪টা পর্যন্ত সময়ের মধ্যে মোট ২৮টি মনোনয়নপত্র সংগৃহীত হয়। তবে প্রধান দলগুলোর কেউই প্রথম দিনে মনোনয়নপত্র নেয়নি।
জানা গেছে, মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলের মধ্যে ১০টি হলের ৩০ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। এর মধ্যে মুহসীন হলে ৫ জন, বঙ্গবন্ধু হলে ১ জন, জিয়া হলে ৭ জন, জহুরুল হক হলে ৫ জন, সূর্যসেন হলে ৫ জন, সলিমুল্লাহ মুসলিম হলে ২ জন, বিজয় একাত্তর হলে ১ জন, সুফিয়া কামাল হলে ১ জন, শামসুন্নাহার হলে ২ জন, অমর একুশে হলে ১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়ন সংগ্রহের সময় নির্ধারণ করা হয়েছে।
