ময়মনসিংহের গৌরীপুরে সিএনজি চালিত অটোরিকশা ও ইঞ্জিন চালিত হ্যান্ডট্রলির সংঘর্ষে সালমা খাতুন নামে এক নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার শাহগঞ্জ-গৌরীপুর সড়কে উপজেলার অচিন্তপুর ইউনিয়নের গাগলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
যাত্রী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার নেত্রকোনার মদনপুর শাহ সুলতান কমর উদ্দিন রুমি (রঃ) মাজার জিয়ারত করে ৪জন যাত্রী অটোরিকশাযোগে গৌরীপুর আসছিলেন। অটোরিকশাটি গৌরীপুর-শাহগঞ্জ সড়কের গাগলা এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা একটি হ্যান্ডট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশার যাত্রী ঈশ্বগঞ্জ উপজেলার সোহেলা মিয়া (৩৫), আলাল মিয়া (৪৫), জালাল উদ্দিন (৫০) ও সালমা খাতুন (৪৮) আহত হয়।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সালমা খাতুনের মৃত্যু হয়। নিহতের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া ইউপির সাখুয়া গ্রামে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সৈয়দা মাশরুরা তানজীন জানান, দুর্ঘটনায় আহত যাত্রীদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুনঃ জবিতে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় মামলা, অস্ত্রসহ গ্রেফতার ২
গৌরীপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ।
ইত্তেফাক/নূহু

