গৌরনদীতে ছাত্রীকে কুপিয়ে জখম, বখাটের মা-বাবা গ্রেফতার

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৩৩

বরিশালের গৌরনদীতে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক কলেজ ছাত্রীর (১৬) বাম গালে ছুরিকাঘাত করেছে এক বখাটে। এ ঘটনায় ওই যুবকের মা-বাবাসহ তিনজনকে আসামি করে গৌরনদী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আহত ছাত্রীর মা উপজেলার বোরাদী গরংগল গ্রামের গৃহবধু হাসি বেগম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে বখাটের বাবা ইউনুস বেপারী (৫০), মা কাজলী বেগমকে (৪৫) গ্রেফতার করেছে।

আহত কলেজছাত্রীর মা হাসি বেগম অভিযোগ করে বলেন, ‘পার্শ্ববর্তী শংকরপাশা গ্রামের ইউনুস বেপারীর পুত্র ফয়সাল বেপারী আমার কন্যাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি আমি ফয়সালের মা ও বাবাকে জানালে বখাটে ফয়সালসহ তারা আমার কন্যাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে। সোমবার রাত ৯টার দিকে ফয়সাল আমার ঘরে প্রবেশ করে আমার কন্যাকে পুনরায় প্রেমের প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় ফয়সাল ক্ষিপ্ত হয়ে আমার কন্যার  বাম পাশের গালে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে।’

গুরুতর আহত অবস্থায় কলেজ ছাত্রীকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মাজেদুল হক কাওছার জানান,  ওই ছাত্রীর গালে ৭টি সেলাই দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ গৌরীপুরে অটোরিকশা ও হ্যান্ড ট্রলির সংঘর্ষে ১জন নিহত

গৌরনদী মডেল থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ তৌহিদুজ্জামান জানান, ‘প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে ফুফাতো ভাই ফয়সাল বেপারী তার মামাতো বোনের বাম গালে ছুরিকাঘাত করে মারাত্মক জখম করেছে। এ ঘটনায় আহতের মা হাসি বেগম বাদী হয়ে বখাটে ফয়সাল বেপারী ও তার মা-বাবাকে আসামি করে মঙ্গলবার সন্ধ্যায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার নং-২১/১৯-২-২০১৯ইং। তাৎক্ষনিক পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহারভূক্ত আসামি বখাটের মা ও বাবাকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রধান আসামি বখাটে ফরসালকে গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।’

ইত্তেফাক/নূহু