চেয়ারম্যান পদে সর্বনিম্ন ভোট পেলেন আওয়ামী লীগ প্রার্থী

আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ২০:৪৬

ইউনিয়ন পরিষদ নির্বাচনে কক্সবাজারের চারটি ইউনিয়নে জামানত বাজেয়াপ্ত হয়েছে আওয়ামী লীগ প্রার্থীর। শুধু জামানত বাজেয়াপ্তই নয়, নৌকা প্রতীকে সর্বনিম্ন ভোট পাওয়ার রেকর্ডও গড়েছে কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ার  দুই প্রার্থী। 

চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়নে নৌকার প্রার্থী হওয়া জন্নাতুল বকেয়া রেখা পুরো ইউনিয়নে পেয়েছেন মাত্র ৯৯ ভোট। আর পেকুয়ার মগনামা ইউনিয়নে নাজেম উদ্দিনের নৌকা প্রতীকে ভোট পড়েছে মাত্র ১৪৫টি।  দুই উপজেলার দুই ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে এতো কম ভোট পেয়ে জামানত হারানোয় জেলাজুড়ে আলোচনা সমালোচনার ঝড় চলছে।

রবিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে মোট প্রদেয় ভোটের একশো ভাগের এক ভাগও পাননি জন্নাতুল বকেয়া। মোট প্রদেয় ভোটের আট ভাগের একভাগ না পেলে যেকোনো প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সেই হিসেবে রেখা ও নাজেম উদ্দিনের জামানত বাজেয়াপ্ত করেছে নির্বাচন অফিস। 

চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউপিতে মোট ভোট পড়েছে ৯ হাজার ৯৯৮টি। নৌকা প্রতীকের প্রার্থী জন্নাতুল বকেয়া রেখা পেয়েছেন ৯৯ ভোট। এ ইউনিয়নে ৩ হাজার ৭৫৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মক্কী ইকবাল হোসেন। 

পেকুয়ার মগনামা ইউনিয়নে মোট ভোট পড়েছে ১১ হাজার ১৯৪টি।  এখানে নৌকা প্রতীকের প্রার্থী নাজেম উদ্দিন পুরো ইউনিয়নে পেয়েছেন মাত্র ১৪৫ ভোট। এ ইউনিয়নে ৫ হাজার ২৭০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ইউনুছ চৌধুরী। 

 

 

 

ইত্তেফাক/ইউবি