টাকা ছিনতাই হওয়ায় ভাতা পেলেন না ১৯ জন

আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ০০:৫৪

কুমিল্লার বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের ডেউয়াতলী কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ও পুলিশকে আহতের ঘটনায় ১১ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ওই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। অভিযোগে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার গোলাম সারোয়ার ভূঁইয়াকে ছুরিকাঘাত করে পকেট থেকে ৪৪ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যাওয়ায় নির্বাচন সংশ্লিষ্ট ১৯ জন কর্মকর্তা-কর্মচারী ভাতা বঞ্চিত হন বলে উল্লেখ করা হয়। 

আজ সোমবার (২৯ নভেম্বর) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি ইকবাল বাহার মজুমদার। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলেও তিনি জানান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরুড়ার ঝলম ইউনিয়নের ডেউয়াতলী কেন্দ্রে নির্বাচনের দিন গত রবিবার (২৮ নভেম্বর) সকাল ৯টার দিকে তালা প্রতীকের মেম্বার প্রার্থী মোখলেছুর রহমান কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার গোলাম সারোয়ার ভূঁইয়ার কাছে ব্যালট বই দেওয়ার দাবি করেন। প্রিজাইডিং অফিসার তাকে ব্যালট বই দিতে অপারগতা প্রকাশ করেন। এ ঘটনার প্রায় দুই ঘণ্টা পর ভোট কেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটাতে ঘটাতে কেন্দ্রে ঢুকে পড়ে। আত্মরক্ষার্থে প্রিজাইডিং অফিসার কক্ষের দরজা বন্ধ করে দেন। এসময় হামলাকারীরা দরজা ভেঙে ফেলে। হামলাকারীরা প্রিজাইডিং অফিসার গোলাম সারোয়ার ভূঁইয়া ও পুলিশের এসআই আবু হানিফের ওপর আক্রমণ চালায় এবং প্রিজাইডিং অফিসারকে ছুরিকাঘাত করে। এসময় পুলিশ কর্মকর্তার পিস্তলটি ছিনতাই করা হয়। পরে সেটি উদ্ধার করা হয়। 

বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার সাংবাদিকদের জানান, প্রিজাইডিং অফিসার ও পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ইত্তেফাক/কেকে