ফিল্মি স্টাইলে মোটরযান নিয়ে কারাগারে সন্ত্রাসীদের হামলা, পালালো ৯ বন্দি

আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৩:১৯

মেক্সিকোতে সশস্ত্র সন্ত্রাসীরা মোটরযান নিয়ে একটি কারাগারে হামলা চালিয়েছে। পরে তারা নয় বন্দিকে মুক্ত করে পালিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার (১ ডিসেম্বর) দেশটির তুলা শহরের এ ঘটনা ঘটেছে। কারাগারে হামলার সময় সন্ত্রাসীরা দুটি গাড়িবোমা বিস্ফোরণ ঘটায়। একই সময় কারাগারের ভেতরে হামলা চালায় অস্ত্রধারী বেশ কয়েকজন।

সন্ত্রসীদের গুলিতে কমপক্ষে ২ পুলিশ সদস্য আহত হয়েছেন। যদিও গাড়িবোমা হামলার বিষয়টি এখনো নিশ্চিত করেনি মেক্সিকো কর্তৃপক্ষ।

তবে গাড়িতে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে মেক্সিকোর নিরাপত্তা বাহিনী। এদিকে কারাগারে হামলাকারীদের এখনো চিহ্নিত করতে পারেনি পুলিশ।

দ্য গার্ডিয়ান জানায়, কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে স্থানীয় মাফিয়া সংগঠনের প্রধান হোসে আরতেরিমো মালডোনাডো মেজিয়া আছেন। মূলত তাকে কারাগার থেকে বের করতেই হামলাটি চালানো হয়েছিলো। এ বিশয়ে এখনো নিশ্চিত কিছু জানায়নি কারা কর্তৃপক্ষ।

ইত্তেফাক/টিআর