মুন্সীগঞ্জ সদরের চরমুক্তারপর এলাকায় একটি চার তলা বাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই শিশুসহ একই পরিবারে ৪জন দগ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদের রাজধানী ঢাকার শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ভোর ৪টার দিকে চরমুক্তারপুর এলাকার স্থানীয় জয়নাল আবেদিনের বাড়ির ২য় তলায় এঘটনা ঘটে। আহতরা হলেন, কাওসার (৩৬), শান্তা (২৩) ও তাদের দুই শিশু ইয়াসিন (৫), নোহর(৩)।
স্থানীয়রা জানান, ভোরে হঠাৎ বিকট শব্দে বাড়ির ২য় তলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ঘরের থাই গ্লাসের জানালা ভেঙে যায়, ঘরে থাকা বিভিন্ন আসবাব পত্র পুড়ে যায়। এ সময় ঘরে থাকা কাওসার তার স্ত্রী শান্তাসহ তাদের দুই শিশু ইয়াসিন ও নোহর অগ্নিদগ্ধ হয়। বিস্ফোরণের পরে প্রতিবেশি ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে প্রেরণ করে।
সদর থানার ওসি (তদন্ত) রাজিব খান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লিকেজের কারণে বিস্ফোরণ হতে পারে।
