কুমিল্লায় ডিবি পুলিশের একটি দলের ধাওয়ায় ব্রিজ থেকে লাফিয়ে পড়ে রাশেদ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার জেলার মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়নের ওমরাকান্দা ব্রিজে এ ঘটনা ঘটে। রাশেদ ওই উপজেলার বড়কান্দা জলারপাড় গ্রামের আবদুর রহিমের ছেলে।
জানা যায়, ঢাকার লালবাগ জোনের ডিবি পুলিশের একটি দল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মাদকদ্রব্য উদ্ধারে কুমিল্লার মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়নের ওমরাকান্দা ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় মেঘনা উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের স্বপন (৩০) ও শিবনগর গ্রামের হৃদয়কে (২১) আটক করা হয়। তাদের সঙ্গে থাকা রাশেদ পুলিশের ধাওয়ায় ওই ব্রিজ থেকে লাফিয়ে পড়ে একটি পিলারের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে মারা যান। তাদের বিরুদ্ধে মেঘনা থানায় কোনো মামলা নেই বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকার মাদক ব্যবসায়ীদের একটি প্রাইভেট কারের পেছনে ধাওয়া করে ডিবি পুলিশের ওই দলটি। এক পর্যায়ে ওই ব্রিজের উপর মাদকের চালানের কেনা-বেচার সময় ডিবি পুলিশ ঢাকার তিন মাদক ব্যবসায়ী ও কুমিল্লার উক্ত দুইজনসহ পাঁচজনকে আটক করে। এ সময় পুলিশের হাত থেকে বাঁচতে ব্রিজ থেকে লাফিয়ে পড়ে রাশেদের মৃত্যু হয়।
আরো পড়ুন: ছাদ থেকে মাটিতে পড়লো পানির ট্যাংক, বেরোবিতে আহত ৩
মেঘনা থানার ওসি আবদুল মজিদ জানান, লাশের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে এবং এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/অনি
