রাজধানীর বিমানবন্দরের কাওলা এলাকায় ট্রাকের ধাক্কায় মাহাদী হাসান লিমন (২১) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছেন। সম্প্রতি গাড়ির ধাক্কায় নটরডেম কলেজ ও রামপুরার একরামুন্নেসা স্কুলের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় আন্দোলন করছেন শিক্ষার্থীরা। চলমান আন্দোলনের মধ্যেই এ ঘটনা ঘটে।
ঝিগাতলা থেকে মোটরসাইকেলে করে উত্তরায় বাসায় ফেরার পথে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে দুর্ঘটনায় তার মৃত্যু হয়। শনিবার (৪ ডিসেম্বর) সকালে বিমানবন্দর থানার উপ-পরিদর্শক আসাদ শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।
লিমন উত্তরার কামারপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। তার বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি থানায়। বাবার নাম মোজাম্মেল হক। পড়াশোনার পাশাপাশি জুনিয়র লেভেলে ক্রিকেট খেলতেন।
ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, বিমানবন্দর পুলিশ কাওলা এলাকায় ট্রাকের চাপায় পিষ্ট এক মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
