অমর একুশে গ্রন্থমেলায় দীপংকর দীপকের কাব্যগ্রন্থ 'হে বঙ্গ'

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩০

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে দীপংকর দীপকের চতুর্থ কাব্যগ্রন্থ 'হে বঙ্গ'। সর্বমোট ৪১টি দেশাত্মবোধক কবিতা নিয়ে সাজানো হয়েছে বইটি। বইটি প্রকাশ করেছে মিজান পাবলিশার্স। বইয়ের ভূমিকা লিখেছেন কবি অসীম সাহা এবং প্রচ্ছদ এঁকেছেন শতাব্দী জাহিদ।

নিজের চতুর্থ কাব্যগ্রন্থ নিয়ে দীপংকর দীপক বলেন, 'বাংলাভাষার মাধুর্যতায় আসক্ত হয়ে কাব্যচর্চা করছি। আর মনের পিপাসা নিবারণে গল্প কিংবা উপন্যাস লিখছি। গতবারের কবিতার বইয়ে কালচক্রে সময়ের সঙ্গে মানব জীবনের সম্পর্ক খোঁজা হয়েছিল। এবারের বইয়ে শুধু দেশমাতৃকার বন্দনা করা হয়েছে। আশা করি, আমার বইটি পাঠকের হৃদয়কে কিছুটা হলেও আন্দোলিত করবে'। 

এ বইয়ে স্বদেশপ্রেম, বাঙালির ইতিহাস-ঐতিহ্য, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর কীর্তিগাথা, নারীমুক্তি, প্রকৃতিপ্রেমসহ গবেষণামূলক নানা বিষয় ফুটে উঠেছে। একইসঙ্গে কবিতার দৃশ্যপটে ধর্মনিরপেক্ষতা, জীবনমুখী সংগ্রাম, প্রথাবিরোধী মনোভাব, শ্রেণিচেতনা ও সমাজ বাস্তবতা জীবন্ত উপাদান হয়ে পরিস্ফূটিত হয়েছে। এছাড়াও বইটিতে 'বাংলাদেশ' নামের কবিতাটিতে কবি শব্দাক্ষরের সহায়তায় বাংলাদেশের একটি মানচিত্র-ই এঁকে ফেলেছেন। বঙ্গবন্ধুকে নিয়ে রয়েছে পাঁচটি কবিতা। এ ছাড়াও বইয়ে পাঁচটি চতুর্দশপদী, একটি অষ্টাদশপাদী ও পাঁচটি গীতিকবিতা স্থান পেয়েছে। 

আরও পড়ুন:  ২১ জনকে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী

এ পর্যন্ত দীপকের ডজনখানেক বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে ‘বুনো কন্যা’, ‘নাস্তিকের অপমৃত্যু’ ও ‘ঈশ্বরের সঙ্গে লড়াই’ পাঠকমহলে বেশ প্রশংসিত হয়েছে। তা ছাড়া তার সিক্যুয়াল কাব্যগ্রন্থ ‘নিষিদ্ধ যৌবনÑপ্রথম খণ্ড’ এবং ‘নিষিদ্ধ যৌবনÑদ্বিতীয় খণ্ড’ও পাঠকপ্রিয়তা পেয়েছে। কিছুদিন আগে ‘অন্ন কিংবা আত্মহত্যা’ শিরোনামে দীপকের একটি নাটক প্রচারিত হয়েছে। শিগগিরই তাঁর লেখা দুটি দেশাত্মবোধক গান প্রকাশিত হবে। তা ছাড়া সাহিত্যচর্চার স্বীকৃতি হিসেবে গত বছর তিনি ‘বেগম রোকেয়া সাহিত্য সম্মাননা’ অর্জন করেছেন। 

ইত্তেফাক/জেডএইচডি