গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী আবু ছাইদ শিকদারকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জরুরী সভা ডেকে তাকে বহিষ্কার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ।
এ বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ ধারার ক ও ঠ উপধারা মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু ছাইদ শিকদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরী সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোঃ কামাল হোসেন শেখ, আমিনুজ্জামান খান মিলন, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, দপ্তর সম্পাদক মিজানুর রহমান বুলবুল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রুহুল আমিন লিটু, কৃষি বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান খান বাদল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সুমন হোসেন বাচ্চু, আওয়ামী লীগ নেতা ফরমান মুন্সীসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানার জন্য আবু ছাইদ শিকদারের ব্যক্তিগত মোবাইল নম্বরে বার বার ফোন করেও তাকে পাওয়া যায়নি।
উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর পিঞ্জুরী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
