আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশের প্রায় প্রতিটি টিভি চ্যানেলের অনুষ্ঠানমালা সেজেছে বিশেষ এই দিবসটিকে কেন্দ্র করে। এরমধ্যে প্রতিবারের মতো এবারো অন্যতম আকর্ষণ নাটক। বিভিন্ন টিভি চ্যানেলের উল্লেখযোগ্য নাটক নিয়ে এই আয়োজন—
‘বণমালার মিছিল’
মহান একুশে ফেব্রুয়ারি নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘বণমালার মিছিল’। তরুণ নাট্যনির্মাতা সীমান্ত সজলের পরিচালনায় এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, রওনক হাসান, মৌটুসী বিশ্বাস, জয়িতা মহলানবীশ, সাজু আহমেদ, আখন্দ জাহিদসহ ২০ জন থিয়েটারকর্মী। নাটকটিতে ভিন্নভাবে ভাষার কথা তুলে ধরা হবে। বাংলা বর্ণমালাগুলোকে প্রাণযুক্ত হিসেবে উপস্থাপন করা হবে। আজ রাত ৯টায় মাছরাঙা টিভিতে নাটকটি প্রচার হবে।
‘ঝুটুম পাখির কথা’
পিউ ও টিয়া পাখির এই গল্পটি নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দুরন্ত টিভির বিশেষ নাটক ‘ঝুটুম পাখির কথা’। নাটকটি রচনা করেছেন নূর সিদ্দিকী ও পরিচালনা করেছেন মনিরুল হোসেন শিপন। নাটকটিতে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, সাবিহা জামান, জিতু আহসান, সুষমা সরকার ও শিশুশিল্পী ঋদ্ধি। নাটকটি দুরন্ত টেলিভিশনে প্রচার হবে আজ রাত ৮টা ও আগামীকাল সন্ধ্যা ৬টায়।
‘ছাপাখানার গন্ধ’
এনটিভিতে আজ রাত ৯টায় প্রচার হবে ভাষার মাসের বিশেষ নাটক ‘ছাপাখানার গন্ধ’। আনিসুল হকের রচনায় নাটকটি পরিচালনা করেছেন জুবায়ের ইবনে বকর। অভিনয় করেছেন সজল নুর, নাজিয়া হক অর্ষা, আতাউর রহমান, সাবেরী আলম, ওয়াহিদা মল্লিক জলি, পূজা, সানজিদ খান প্রিন্স প্রমুখ।
‘আদর্শলিপি’
এনটিভিতে আজ রাত ৯টা ০৫ মিনিটে প্রচার হবে ভাষার মাসের বিশেষ নাটক ‘আদর্শলিপি’। মনি হায়দারের রচনায় নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন হাসান রেজাউল। নাটকটিতে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, শাহেদ আলী সুজন, দীপা খন্দকার, গোলাম কিবরিয়া তানভীর, তাহমিনা অথৈ প্রমুখ।
‘জাহানারার একটি ভাই ছিল’
ভাষা আন্দোলনে শহীদ রফিকউদ্দিন আহমেদকে নিয়ে একটি বিশেষ নাটক আজ প্রচার হবে আরটিভির পর্দায়। অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বিশেষ এই নাটকটি নির্মাণ করছেন আবু হায়াত মাহমুদ। ‘জাহানারার একটি ভাই ছিল’ শিরোনামে নাটকটি লিখেছেন মাসুম শাহরীয়ার। গল্পটি ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিক উদ্দিন আহমেদের জীবন আলেখ্য। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে মিছিল করতে গিয়ে বাংলা ভাষার জন্য প্রথম শহীদ হন তিনি। সাত ভাইবোনের মধ্যে রফিক ছিলেন সবার বড়। তার সবচেয়ে ছোট বোনটির নাম ছিল জাহানারা। ‘জাহানারার একটি ভাই ছিল’ নাটকে ভাষা শহীদ রফিরে চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।
