সিরাজগঞ্জের চৌহালিতে পূর্ব শত্রুতার জেরে এসিড নিক্ষেপ করে শহিদুল ইসলাম (৩৩) নামে এক যুবকের হাত ও পা ঝলসে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৮ ডিসেম্বর) রাতে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের রেহাই পুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
গুরুতর অবস্থায় তাকে চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শহিদুল ইসলাম উপজেলার রেহাই পুকুরিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে ।
শহিদুল ইসলাম বলেন, ‘মসজিদ থেকে নামাজ শেষে বাড়ি ফেরার পথে একই এলাকার মৃত আজহার আলীর ছেলে মো. ফুলচান অতর্কিতভাবে পেছন থেকে শরীরে এসিড ছুড়ে মারে। এসিডের যন্ত্রণায় চিৎকার করলে এলাকার লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।’
স্থানীয়রা জানায়, এই দুই পরিবারের মধ্যে মামলা মোকদ্দমাসহ নানা বিষয়ে শত্রুতা চলছিলো। তারই জেরে এমনটা হতে পারে।
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, শহিদুল ইসলামের শরীরে এসিড নিক্ষেপে করা হয়েছে বলে জেনেছি। তবে এ ঘটনায় এখনো কেউ কোন অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
চৌহালী উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রিফাত শারমীন জানান, ভুক্তভোগীর শরীরের প্রায় ৮ থেকে ১০শতাংশ ঝলসে গেছে।
