স্বাস্থ্য প্রতিমন্ত্রীর নির্দেশ না মেনে বই মেলায় গাড়ি প্রবেশ, চালককে অব্যাহতি

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫১

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের নির্দেশ না মেনে বইমেলায় গাড়ি প্রবেশ করায় চালককে অব্যাহতি প্রদান করা হয়েছে। বুধবার প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।

চলতি মাসের ১৭ তারিখে বই মেলায় মাওলা ব্রাদার্সের স্টলে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান গিয়েছিলেন পরিচিত লেখক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের ‘এখনই সময় বাংলাদেশ’ বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে। সেখানে পায়ে হেঁটে যাতায়াত করার পরও কিছু ব্যক্তি প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মেলায় গাড়ি নিয়ে প্রবেশের অভিযোগ তোলেন। এ বিষয়ে সরাসরি প্রতিমন্ত্রীর কাছ থেকে তথ্য যাচাই না করে সংবাদ পরিবেশন করা হয় গণমাধ্যমে। বিষয়টি নিয়ে নেতিবাচক মনোভাব তৈরি হলে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত অনেকে গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

সেখানে উপস্থিত একাধিক সূত্র সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সরাসরি নিজেদের প্রতিক্রিয়ায় জানান, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মেলায় হেঁটে যাতায়াত করেন। কিন্তু তার ড্রাইভার নিজ উদ্যোগে মেলার ভিতরে গাড়ি নিয়ে প্রবেশ করেন। বিষয়টি জানতে পেরে প্রতিমন্ত্রী ড্রাইভারকে সতর্ক করে পুনরায় গাড়িটি মেলার বাহিরে নিয়ে যাবার নির্দেশ দেন। কিন্তু ততক্ষণে কিছু ব্যক্তি মেলার মধ্যে থাকা গাড়ির ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। বিষয়টি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। 

আরো পড়ুন: দুই দফা মীমাংসার পর বাড়িতে গিয়ে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ড্রাইভারকে অব্যাহতি দেওয়া প্রসঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা রেজুয়ান আল হোসাইন (শ্রাবণ) বলেন, গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমের ছবি ব্যবহার করে তথ্য যাচাই ছাড়া সংবাদ উপস্থাপন দুঃখজনক। প্রতিমন্ত্রী মহোদয়ের অগোচরে বই মেলায় গাড়ি প্রবেশ করানোর ঘটনায় কর্তব্য পালনে অবহেলা ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে গাড়িচালক মমতাজ উদ্দিনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ইত্তেফাক/অনি