জাতীয় হটলাইন নম্বর ৯৯-এ ফোন করে পুলিশ ডাকার জের ধরে পটুয়াখালীর বাউফলে হারুন সিকদার (৩৫) নামে এক যুবককে ইট দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেওয়ার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার (৯ ডিসেম্বর) তালতলী বাজারে ঐ ঘটনা ঘটেছে। হারুন সিকদার নাজিরপুর ইউনিয়নের বাকলা তাঁতেরকাঠি গ্রামের বাসিন্দা মো. জালাল সিকদারের ছেলে। তিনি ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক।
জানা গেছে, বাকলা তাঁতেরকাঠি গ্রামের বাসিন্দা হানিফ সিকদার (৪০) একই এলাকার এক নারীকে উত্ত্যক্ত করে আসছিলেন। এর প্রতিবাদ করেন হারুন সিকদার। এ নিয়ে হানিফের সঙ্গে হারুনের বিরোধ সৃষ্টি হয়। মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে হানিফ ঐ নারীর বাড়িতে গেলে হারুন সিকদারের নেতৃত্বে স্থানীয় লোকজন হানিফকে আটক করে এবং হারুন জাতীয় হটলাইন নম্বর ৯৯৯০-এ ফোন করে পুলিশকে জানান।
