প্রস্তাব অনেকগুলোই পেয়েছেন, কিন্তু একবারের জন্যও ক্লাব বদলানোর চিন্তা করেননি স্টিভেন জেরার্ড। টানা ১৭ মৌসুম লিভারপুলের সমর্থক হয়ে ছিলেন তিনি। ঘরের মাঠ অ্যানফিল্ডে লিখে গিয়েছেন গল্পের পর গল্প। আজ (১১ ডিসেম্বর) সেই অ্যানফিল্ডেই তিনি 'শত্র'। পরিকল্পনা সাজাবেন প্রিয় ক্লাব লিভারপুলকে হারানোর।
জেরার্ড অ্যাস্টন ভিলার কোচ হওয়ার পর থেকেই ইংলিশ সংবাদকর্মীরা প্রতীক্ষায় ছিলেন লিভারপুল ম্যাচের দিকে। ম্যাচের আগে সাংবাদিকদের ঠোটকাঁটা সেই প্রশ্নের জবাব পেশাদারিত্বের সঙ্গেই দিয়েছেন তিনি। সাবেক এই মিডফিল্ডার বলেন, ম্যাচটি নিয়ে হৈচৈ এর কারণ আমি বুঝি। তবে সেটা বাকি লোকেদের কাছে রোমাঞ্চিত হওয়ার কারণ। আমার কাছে এই ম্যাচ মানে দলকে সেরাভাবে তৈরি করা ও ভিলাকে ইতিবাচক ফল এনে দেওয়ার চেষ্টা করা। বাকিদের জন্য এটি বিশাল উপলক্ষ। তবে আমাদের ফোকাসটা ৯০ মিনিটের ফুটবল ও তিন পয়েন্টের দিকে।'
সদ্য ভিলার দায়িত্ব নেওয়া জেরার্ড ৪ ম্যাচের তিনটিতেই পেয়েছেন জয়। ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের দশে আছে তার ক্লাব। অন্যদিকে, শিরোপা রেসে ম্যানচেস্টার সিটির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে দ্বিতীয়তে থাকা লিভারপুল। এক পয়েন্ট পেছনে আছে তারা।
কোচ হিসেবে পেশাদারিত্ব দেখালেও প্রিয় ক্লাবের জন্য শুভকামনা আজীবন থাকবে বলে জানালেন জেরার্ড। তিনি বলেন, 'এই ক্লাবের অনেকের সঙ্গেই আমার ভালো সম্পর্ক আছে। দুর্দান্ত সময় কাটিয়েছি সেখানে। আমি ঘরের ছেলে এবং ছেলেবেলা থেকেই এই দলকে সমর্থন করে আসছি এবং সবসময়ে করে যাবো।'
