মৌলভীবাজারে আইনমন্ত্রী
মৌলভীবাজার প্রতিনিধি
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, এ দেশ শেখ হাসিনার নেতৃত্বে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনের শাসন প্রতিষ্ঠায় অনেক বাধা পেরিয়ে আজকে সফল বার্তা জনগণের কাছে পৌঁছে দিয়েছেন যে, বাংলাদেশে কেউ অন্যায় করলে তার সুবিচার হবে। অন্যায়কারী বিনা বিচারে বাংলাদেশ থেকে চলে যেতে পারবে না। গত মঙ্গলবার রাতে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে জেলা আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজ সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথাগুলো বলেন।
এসময় মন্ত্রী আরও বলেন, দ্রুত দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার ২৪শ কোটি টাকার একটি ই-জুডিশিয়াল প্রকল্প হাতে নিয়েছে। এছাড়াও আসছে বাজেটে জিপি ও পিপিদের বেতন কাঠামো তৈরি হচ্ছে, এতে ৩৫ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা রাখা হবে।
জেলা আইনজীবী সমিতির সভাপতি রমাকান্ত দাশগুপ্তের সভাপতিত্বে ও অ্যাডভোকেট মিজানুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের এমপি নেছার আহমদ; আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক, যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, জেলা ও দায়রা জজ শেখ আবু তাহের, জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব প্রমুখ।
