বিজয় দিবস উপলক্ষে ‘আন্তঃবিভাগ ফুটবল ও ব্যাডমিন্টন খেলার আয়োজন করেছে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ। শনিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টায় কবি নজরুল সরকারি কলেজের কেন্দ্রীয় খেলার মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমেনা বেগম।
আয়োজিত এই টুর্নামেন্টে কলেজের ১৯টি ডিপার্টমেন্ট, একাদশ দ্বাদশ সহ ডিগ্রি সেশনের মোট ২২ টি দল অংশ নিয়েছে। এই প্রতিযোগিতা ১১ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত মাঠে গড়াবে।
অধ্যাপক মোহাম্মদ মাহমুদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমেনা বেগম বলেন, মানসিক বিকাশ, ব্যায়াম সবকিছুর অন্যতম মাধ্যম খেলাধুলা। যুবকদের মাদক ছেড়ে খেলাধুলাতে মন দিতে উৎসাহিত করেন তিনি। পাশাপাশি অভিভাবকদের ছেলে মেয়েদের সবসময় খেলাধুলায় উৎসাহী করার আহ্বান জানান। তিনি বলেন, আপনি দায়িত্ব এড়িয়ে যাবেন, কাল আপনার সন্তান আপনার প্রতি দায়িত্ব এড়িয়ে যাবে।
এসময় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কবি নজরুল সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. খালেদা নাসরীন, শিক্ষক পরিষদের সম্পাদক এ বি এস এ সাদী মোহাম্মদ, বিভাগীয় প্রধান গণ সহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তারা।
