ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব কেটে যাওয়ার পর দেশের উত্তর জনপদে কমতে শুরু করেছে তাপমাত্রা। রবিবার (১২ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর।
স্টাফ রিপোর্টার, দিনাজপুর: দিনাজপুরে আবার কমতে শুরু করেছে তাপমাত্রা। রবিবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে। সোমবার আরও ১ থেকে ২ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। ক্রমান্বয়ে এই তাপমাত্রা কমতে কমতে চলতি ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহে এই অঞ্চল দিয়ে শৈত্যপ্রবাহের আভাষ দিয়েছে আবহাওয়া দপ্তর।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব কেটে যাওয়ার পর হিমালয়ের পাদদেশে অবস্থিত দিনাজপুরসহ দেশের উত্তর জনপদে আবার সক্রিয় হতে শুরু করেছে উত্তরের হিমেল হাওয়া। এই হিমেল হাওয়া বইতে শুরু করায় ক্রমান্বয়ে তাপমাত্রা কমছে এই জনপদে। রবিবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ক্রমান্বয়ে এ তাপমাত্রা কমবে। রবিবারের তুলনায় আজ সোমবার ১ থেকে ২ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে আভাষ দিয়েছেন তিনি। তিনি বলেন, চলতি ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহে অর্থাৎ ২০ তারিখের পর এই অঞ্চল দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও জানান, শীত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে গত নভেম্বর মাস থেকে দিনাজপুরসহ দেশের উত্তর জনপদে কমতে শুরু করে তাপমাত্রা। গত ২৯ নভেম্বর এই তাপমাত্রা কমে আসে ১৪ ডিগ্রি সেলসিয়াসে। মৌসুম অনুযায়ী এই তাপমাত্রা ক্রমান্বয়ে নিম্নগামী হওয়ার কথা থাকলেও ৩০
নভেম্বর থেকে উলটোপথে যাওয়া শুরু করে তাপমাত্রা মাপন যন্ত্রের পারদ। ৩০ নভেম্বর তাপমাত্রা বৃদ্ধি পেয়ে হয় ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, ১ ডিসেম্বর ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, ২ ডিসেম্বর ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, ৩ ডিসেম্বর ১৬ ডিগ্রি সেলসিয়াস, ৪ ডিসেম্বর ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, ৫ ডিসেম্বর ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং ৬ ডিসেম্বর তাপমাত্রা বেড়ে দাঁড়ায় ১৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। জাওয়াদের এই প্রভাব কেটে যাওয়ার পর এই অঞ্চলের উত্তরের হিমেল বায়ু আবার সক্রিয় হয়েছে। ফলে ক্রমান্বয়ে এই তাপমাত্রা কমতে শুরু করেছে। এদিকে তাপমাত্রা কমতে শুরু করায় বাড়ছে শীতের তীব্রতা। আর শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় দুর্ভোগে পড়ছেন মানুষ।
পঞ্চগড় প্রতিনিধি জানান, হিমালয় কন্যা খ্যাত পঞ্চগড় জেলায় প্রতিদিনই কমছে তাপমাত্রা। রবিবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এটিই দেশের সর্বনিম্ন এবং এবারের শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। শনিবার তেঁতুলিয়ায় ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অবশ্য দিনের সর্বোচ্চ তাপমাত্রা এখানে ২৭ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে। জেলার সদর উপজেলার মীরগড় এলাকার বৃদ্ধা জরিফন নেছা বলেন, ‘হামরা গরীব মানুষ, হামরা কম্বলও পাই না গরম কাপড়ও কিনিবা পারি না। হামার খড়কুটার উপরতে ভরসা করিবা নাগে।’
জেলা শহরের মসজিদপাড়া এলাকার সরিফউদ্দিন জানান, বিকাল থেকে ঠান্ডা অনুভূত হয়। রাতে তাপমাত্রা কমে গিয়ে শীত লাগে। তবে এটা এখনো আমাদের জন্য সহনীয়।
তেঁতুলিয়া প্রথম শ্রেণি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, ধীরে ধীরে তাপমাত্রা কমছে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রবিবার শীত মৌসুমের সর্বনিম্ন ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ডিসেম্বরের শেষে তাপমাত্রা আরও কমবে বলে তিনি জানিয়েছেন।
