দোষী সাব্যস্ত ভারতীয় ধনকুবের অনিল আম্বানী

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৬

আদালত অবমাননার দায়ে ভারতের ধনকুবের অনিল আম্বানীকে দোষী সাব্যস্ত করেছে দেশটির সুপ্রিম কোর্ট। পাশাপাশি চার সপ্তাহের মধ্যে এরিকসনকে সাড়ে চারশো কোটি টাকা মিটিয়ে না দিলে তিন মাসের জেল খাটতে হবে বলেও জানানো হয়েছে।

অনিল আম্বানীর সংস্থার বিরুদ্ধে প্রাপ্য টাকা না মেটানোর অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা করে সুইডিশ টেলিকম সংস্থা এরিকসন। বুধবার মামলার শুনানি শুরু হলে আদালত বলে, ‘তাদের নির্দেশকে ইচ্ছাকৃতভাবে অমান্য করেছেন অনিল আম্বানী।’ আর এই অবমাননার জন্য অনিলকে এক কোটি জরিমানাও করে আদালত।  এরিকসনের আরও অভিযোগ, রাফাল প্রকল্পের জন্য অনিলের সংস্থা টাকা বিনিয়োগ করতে পারছে, অথচ তাদের বকেয়া ৫৫০ কোটি টাকা দিচ্ছে না।

যদিও এরিকসনের এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে অনিলের সংস্থা। আদালতকে অনিল আম্বানী জানিয়েছেন, এরিকসনের বকেয়া মেটানোর জন্য তারা সর্বতোভাবে চেষ্টা করেছিলেন। কিন্তু সম্পত্তি বিক্রি নিয়ে তার ভাই মুকেশ আম্বানীর সংস্থা রিলায়্যান্স জিওর সঙ্গে যে চুক্তি হয়েছিল তা ব্যর্থ হওয়ায় সমস্যায় পড়েছে তার সংস্থা। খবর আনন্দবাজার পত্রিকার।

২০১৮ সালের ২৩ অক্টোবর আদালত রিলায়্যান্স কমিউনিকেশনকে নির্দেশ দিয়েছিল ১৫ ডিসেম্বরের মধ্যে এরিকসনের সমস্ত বকেয়া মিটিয়ে দিতে হবে। পাশাপাশি এটাও বলেছিল, বকেয়া মেটাতে দেরি হলে বছরে ১২ শতাংশ সুদও দিতে হবে তাদের। কিন্তু ২৩ অক্টোবরের সেই নির্দেশ অনুযায়ী সময়মতো টাকা মেটাতে পারেনি অনিলের সংস্থা। ফলে সুদ সমেত ৫৫০ কোটি টাকা মেটানোর জন্য অনিল আম্বানীকে নির্দেশ দিয়েছে আদালত।