যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী সাইদুল ইসলাম মৃধাকে মৃত্যু দণ্ডর আদেশ দিয়েছে আদালত। পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) সকালে বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা গেছে, বরিশালের আগৈলঝড়া উপজেলার বাকাল গ্রামের আলতাফ মৃধার ছেলে সাইদুল ইসলামের সাথে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার ফজলুল হক কাজীর মেয়ে আয়শা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর পরই তিন লাখ টাকা যৌতুকের দাবিতে আয়শাকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে সাইদুল। তারই ধারাবাহিকতায় ২০১৬ সালের ৫ অক্টোবর বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা না আনায় সাইদুল ডাবের পানির সাথে বিষ মিশিয়ে আয়শা আক্তারকে পান করিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে।
এ ঘটনায় ওইদিন আগৈলঝাড়া থানায় আয়শার বাবা ফজলুল হক কাজী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় ২০ জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে রবিবার শেষ কার্যদিবসে আদালতের বিচারক উল্লেখিত রায় ঘোষণা করেন।
