গাজীপুর জেলার কাপাসিয়ায় জেলা পুলিশের উদ্যোগে প্রথমবারের মতো বহুল প্রত্যাশিত ট্রাফিক সেবা কার্যক্রম শুরু হয়েছে। গতকাল রবিবার সকালে কাপাসিয়া বাসস্ট্যান্ড এলাকায় গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার আনুষ্ঠানিকভাবে ট্রাফিক সেবা কার্যক্রম উদ্বোধন করেন। প্রসঙ্গত উল্লেখ্য, গত ১০ নভেম্বর দৈনিক ইত্তেফাকের ৫ম পাতায় কাপাসিয়ায় বৈধ কাগজপত্রবিহীন যানবাহনের আধিক্য, যানজট এবং এ কারণে সেখানে ট্রাফিক সেবা কার্যক্রমের প্রয়োজনীয়তা বিষয়ক একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
গতকাল ট্রাফিক সেবা কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে কাপাসিয়া বাসস্ট্যান্ডে আয়োজিত সভায় কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর ও পঙ্কজ দেবনাথ, সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) আকবর হোসেন, কাপাসিয়ার কমিশনার (ভূমি) নীলিমা রায়হানাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। আরও বক্তব্য রাখেন শ্রমিক নেতা আকরাম হোসেন, গাজীপুর জেলা পরিষদ সদস্য মাহবুব উদ্দিন সেলিম, কাপাসিয়া সদর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান।
‘নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা হলে সহ্য করবো না’
গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার বলেন, আগের তুলনায় পুলিশের মনোবল অনেক বেড়েছে। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেউ যদি বাধাগ্রস্ত করতে আসে, একটি জানমালেরও যদি ক্ষতিসাধন করে জনমনে আতঙ্ক তৈরি করতে চায়, আমরা সেটা সহ্য করবো না। জনগণও তা সহ্য করবে না। আমরা দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত হতে দেবো না। পুলিশ সুপার চালক ও যাত্রীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, মহাসড়কে যাত্রীবেশে ডাকাতি হচ্ছে। এসব ডাকাতি রোধে টহল পুলিশের তত্পরতা বাড়ানো হয়েছে এবং কয়েকটি ঘটনায় অভিযুক্ত ডাকাতদের গ্রেফতার করা হয়েছে।
