নিজের নামে বরাদ্দকৃত গাড়ি নিজে না চালিয়ে করপোরেশনের গাড়ি চালক নন এমন ব্যক্তিকে দিয়ে অবৈধভাবে গাড়ি চালনা করায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভারি গাড়ির ৭ জন এবং হালকা গাড়ির ২ জন চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্মচারী চাকুরী বিধিমালা, ২০১৯ এর বিধি ৪৯ (ক), (খ) ও (ঘ) মতে যথাক্রমে দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ, অদক্ষতার অভিযোগে অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।
করপোরেশনের পরিবহন বিভাগের ভারি গাড়ির চালকদের মধ্যে মো. কাওছার আলী, মো. বেলায়েত হোসেন, ফরিদ আহমেদ, মো. আব্দুল্লাহ, মো. জামাল উদ্দিন (২), মো. কবির হোসেন (২), মো. রবিউল আলম এবং হালকা গাড়ির চালকদের মধ্যে মো. আজিম উদ্দিন ও মো. নুর জালাল শিকদারের বিরুদ্ধে শাস্তিমূলক এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত নয়টি আলাদা আলাদা দপ্তর আদেশে সংশ্লিষ্ট গাড়ি চালকদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হলো। আদেশসমূহে বরাদ্দকৃত গাড়ি নিজে না চালিয়ে অন্যকে দিয়ে চালানোয় প্রায়শই দুর্ঘটনা সংঘটিত হচ্ছে এবং প্রাণহানিসহ জানমালের ক্ষতি সাধিত হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের শৃঙ্খলা পরিপন্থী এবং এ কারণে করপোরেশনের সুনাম চরমভাবে ক্ষুণ্ণ হচ্ছে বলে উল্লেখ করা হয়।
সাময়িক বরখাস্তকালীন এসব চালক বিধিমোতাবেক খোরাকী ভাতা প্রাপ্য হবেন এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও দপ্তর আদেশে উল্লেখ করা হয়।

চালকের অভাবে গাড়ির স্টিয়ারিং পরিচ্ছন্নতাকর্মীর হাতে