নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ছিলোনিয়া বাজারে ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনায় দোকানকর্মচারীসহ কমপক্ষে ১৪ জন দগ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকাল চারটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে চারজনের অবস্থা খারাপ হওয়ায় নোয়াখালী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অগ্নিকাণ্ডে তিনটি দোকান সম্পূর্ণ এবং আরও চারটি দোকান আংশিক পুড়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাল চারটার দিকে বাজারের হারুন ট্রেডার্স থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে বিকেল পাঁচটার দিকে সোনাইমুড়ী থেকে দমকল বাহিনীর সদস্যরা এসে প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন। অগ্নিকাণ্ডের সময় আগুন নেভাতে গিয়ে বাজারের দোকানের কর্মচারী ও সাধারণ মানুষসহ কমপক্ষে ১৪ জন দগ্ধ হয়েছেন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।
অগ্নিকাণ্ডে দগ্ধদের মধ্যে শাহদাত হোসেন (২৬), মো. মেহেদী (১৮), মো. সবুজ (৩১) ও মো. ইয়াকুবকে (২৯) নোয়াখালী সদর হাসপাতালে, মো. মিরাজ (১৮) ও মো. হাসানকে (২২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর কম দগ্ধ আরও আটজনকে প্রাথমিক চিকিৎসার পর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইলসাম মজুমদার জানান, ছিলোনিয়া বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগুনে তিনটি দোকান সম্পূর্ণ এবং আরও কয়েকটি দোকান আংশিক পুড়ে গেছে।
