ব্যাট দিয়ে কথা বললেন সাব্বির

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৫

দেবব্রত মুখোপাধ্যায়

বয়স মাত্র ২৭। আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন বছর পাঁচেক। এর মধ্যে বিতর্কের সব রূপ দেখা ও দেখানো হয়ে গেছে সাব্বির রহমান রুম্মনের।

সর্বশেষ এরকমই এক শৃঙ্খলাভঙ্গের কারণে নিষেধাজ্ঞায় ছিলেন। সেই নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই নাটকীয় ও রহস্যময়ভাবে জাতীয় দলে আনা হয় তাকে। সে নিয়েও বিতর্ক কম হয়নি। তবে নির্বাচক, অধিনায়কের তরফে একটা কথা বারবার বলা হচ্ছিল, এই শেষবারের মতো সাব্বিরের ওপর আস্থা রাখছেন তারা।

জীবনটা কী নাটকীয়! সেই আস্থার প্রতিদান কী অসাধারণ ভাবেই না দিলেন সাব্বির রহমান রুম্মন!

না, সাব্বিরের ব্যাটে বাংলাদেশ কোনো জয় পায়নি। নিউজিল্যান্ডে চলতে থাকা বাংলাদেশ দলের হতাশাজনক পারফরম্যান্সে কোনো উন্নতি হয়নি। তবে পারফরম্যান্সের ওই মরুতে এক ফোঁটা পানি হয়ে এসেছে সাব্বিরের অসাধারণ এক সেঞ্চুরি। পুরো সিরিজে একমাত্র বলার মতো প্রাপ্তি হয়ে এসেছে তার এই ইনিংস। আর এই ইনিংসের ভেতর দিয়েই সাব্বির পেয়ে গেছেন ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি।

১১টি টেস্ট, ৫৭টি ওয়ানডে ও ৪১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন। এর মধ্যে বাংলাদেশকে জয় এনে দেওয়া কিছু ইনিংসও খেলেছেন। কিন্তু সেঞ্চুরির দেখা পাননি। সেটা পেয়ে গেলেন অবশেষে।

নিউজিল্যান্ড সফরে একেবারে শুরু থেকেই ধুঁকছে বাংলাদেশের টড অর্ডার ও মিডল অর্ডার। ফলে এই নিচের দিকেই যা রান করতে হচ্ছে ব্যাটসম্যানদেরকে। প্রথম দুই ম্যাচে বাংলাদেশের সফলতম বোলার ছিলেন মোহাম্মদ মিঠুন। তিনি আবার চোটে পড়ে এই তৃতীয় ম্যাচ থেকে ছিটকে গেছেন। প্রথম দু ম্যাচেও মোটামুটি সফল ছিলেন সাব্বির। গতকাল মিঠুনের অনুপস্থিতিতে লেজের দিকের ব্যাটসম্যানদের নিয়ে পুরো দায়টা নিজের কাঁধে নিয়ে নিলেন তিনি।

খেললেন ১০২ রানের এক ইনিংস। ২ রানে ৩ উইকেট পড়ে যাওয়া ম্যাচে মারকাটারি ব্যাটিং করা কঠিন। তারপরও সাইফউদ্দিন ও মেহেদী হাসান মিরাজকে নিয়ে আক্রমণাত্মক দুটি জুটিই করলেন। শেষ পর্যন্ত শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন ১১০ বলে ১০২ রানের ইনিংস খেলে। ইনিংসে তার ১২টি চার ও ২টি ছক্কা। সময়, কন্ডিশন ও প্রতিকূলতা বিচারে নিশ্চয়ই অসামান্য এক ইনিংস।

অথচ এই ইনিংস খেলতে নিউজিল্যান্ড যাওয়ারই কথা ছিল না। সামাজিক যোগাযোগের মাধ্যমে এক ক্রিকেট সমর্থকের সঙ্গে বাজে ব্যবহার করে ৬ মাসের জন্য নিষিদ্ধ ছিলেন সাব্বির। সেই নিষেধাজ্ঞা শেষ হওয়ার মাস খানেক আগেই জাতীয় দলে তার নাম ঘোষণা করা হয়। কিন্তু তার নিষেধাজ্ঞা কমিয়ে বিসিবি কোনো বিবৃতি দেয়নি। সাব্বিরের নাম ঘোষণার সময় প্রধান নির্বাচক জানান, অধিনায়কের পছন্দে তাকে দলে নেওয়া হয়েছে। পরে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, নিষেধাজ্ঞা কমানো বোর্ডের ব্যাপার। তিনি সাব্বিরকে নিতে জোর করেননি; পছন্দ জানিয়েছেন মাত্র। সেই সময় বোর্ডের ডিসিপ্লিনারি কমিটির ভাইস চেয়ারম্যান শেখ সোহেল জানান, সাব্বিরের নিষেধাজ্ঞা কমানোর বিষয়টা তারা জানেন না। এমনকি বোর্ড সভাপতিও বলেন, তিনি জানেন না যে, সাব্বিরের নিষেধাজ্ঞা কে কমালো!

এরকম একটা জটিল অবস্থায় নিউজিল্যান্ড সফরে গিয়ে একমাত্র অনুশীলন ম্যাচে সাব্বির করেছিলেন ৪০ রান। পরে প্রথম ওয়ানডেতে ১৩ রান করেন তিনি। দ্বিতীয় ওয়ানডেতে খেলেন ৪৩ রানের ইনিংস। আর গতকাল তো ছাড়িয়ে গেলেন নিজেকেই।

মিঠুন ও মাশরাফির ইনজুরির কারণে এখন টেস্ট দলেও সাব্বিরের ডাক পাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। আর সেই সম্ভাবনাকেও এমন কাজে লাগাতে পারলে সাব্বির হয়তো বিতর্ককে চিরতরে পেছনেই ফেলতে পারবেন। 

বল

১১০

রান

১০২

চার

১২

ছয়

২