ছাত্রলীগ নেতার হুমকি, প্রাধ্যক্ষসহ আবাসিক শিক্ষকের পদত্যাগ

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ০২:৩৩

ছাত্রলীগ নেতাদের হুমকির পর ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ ও ৪ আবাসিক শিক্ষক পদত্যাগ করেছেন। 

জানা যায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান একটি হলের বিজয় দিবসের বিশেষ খাবারের আয়োজনের সব টাকা ওই হলের প্রাধ্যক্ষকে তার হাতে তুলে দিতে বলেছিলেন। কিন্তু দোলনচাঁপা ছাত্রী হলের প্রাধ্যক্ষ সিরাজুম মুনিরা ওই টাকা না দেওয়ায় ওই ছাত্রলীগ নেতা প্রাধ্যক্ষসহ পাঁচ শিক্ষককে হুমকি দেন এবং তাদের অপমান করেন। এ ঘটনায় সিরাজুম মুনিরা এবং ওই হলের আবাসিক শিক্ষক আরিফ আহমেদ, আফরুজা ইসলাম লিপি, রাশেদুর রহমান ও ফারজানা খানম বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এ বিষয়ে দোলনচাঁপা ছাত্রী হলের প্রাধ্যক্ষ সিরাজুম মুনিরা বলেন, ছাত্র উপদেষ্টা তপন কুমার সরকার ও প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান আমাদের কাছে এলে আমরা ছাত্রলীগ নেতাদের সঙ্গে কথা বলি। এ সময় রাকিবুলসহ ছাত্রলীগের অন্য নেতারা নানা হুমকি দিতে থাকে এবং অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান মুঠোফোনে জানান, ঘটনাটির সঙ্গে আমি বা ছাত্রলীগের কোন নেতা-কর্মী জড়িত নয় বরং এটি উদ্দেশ্য প্রণোদিত প্রণোদিত। আমি উক্ত ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর রাত সোয়া ১২টার দিকে মুঠোফোনে জানান, প্রাধ্যক্ষ সিরাজুম মুনিরাসহ ৫ জন আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সেখানে তারা কারো নাম উল্লেখ করেননি। তবে তারা পদত্যাগপত্রে তাদের অপমানের কথা উল্লেখ করেছেন।

 

ইত্তেফাক/এমএএম