তেঁতুলিয়ায় বাবু (২৫) নামের এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের দর্জিপাড়া গ্রামের ফরেস্টে থেকে এই লাশ উদ্ধার করা হয়। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত বাবু বর্তমান গবরাগছ গ্রামের গোলাম মোস্তাফার পুত্র। তারা জেলা পঞ্চগড়ের টুনিরহাট থেকে এসে এখানে বাড়ি করে বসবাস করে আসছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, সকালে কাজ করতে গিয়ে ফরেস্টের মাঝখানে এক গাছে লাশ ঝুলতে দেখতে পান চা শ্রমিকরা। পরে তারা পুলিশে খবর দিলে মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। কি কারণে মারা গেছে তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।
জুয়েল নামে একজন জানান, বাবু লেবার অফিসে শ্রমিকের কাজ করে। তারা মূলত পঞ্চগড়ের টুনিরহাট এলাকার বাসিন্দা। এখানে বাড়ি করে স্থায়ীভাবে বসবাস করছে। আমি এলাকায় ভাড়া বাড়িতে থাকি। কয়েকদিন আগে তার বাবার কাছ থেকে শুনেছিল বাবু মানসিকভাবে অসুস্থ। তিন মাস তাকে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসার জন্য রাখা হয়েছিল।
