শিশু-নারী, শিক্ষক ও শিক্ষার্থীসহ নিহত সাত জন

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৯

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনা

 ইত্তেফাক ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় শিশু-নারী, শিক্ষক ও শিক্ষার্থীসহ সাত জন নিহত হয়েছেন। গত মঙ্গলবার ও গতকাল বুধবার এসব দুর্ঘটনা ঘটে। সীতাকুণ্ডে মাদ্রাসা শিক্ষার্থীদের পিকনিক বাস ও ট্রেনের সংর্ঘষে শিক্ষার্থী ও অভিভাবকসহ ২০ জন আহত হয়েছেন। ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবব-

সাভার: আশুলিয়ায় কলেজ ছাত্রসহ দুইজন নিহত হয়েছে। গতকাল ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বিশমাইল এলাকায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্র মো. ওয়ালী নিহত হয়। ওয়ালী মনিং গ্লোরী স্কুল এন্ড কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। অপরদিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের গাড়ি চাপায় পোশাক কারখানার শ্রমিক মো. ছমির মোল্লা নিহত হন।

সীতাকুণ্ড (চট্টগ্রাম): সীতাকুণ্ডে ইকোপার্ক থেকে ফিরার পথে মাদ্রাসার শিক্ষার্থীদের পিকনিক বাস ও ট্রেনের মধ্যে সংঘর্ষে শিক্ষার্থী ও অভিভাবকসহ ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে চার জনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গত বুধবার ফেনী জেলাধীন দারুল আরক্বাম মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা পিকনিক থেকে ফেরার সময় এ ঘটনা ঘটে।

বদরগঞ্জ (রংপুর): বদরগঞ্জে মেহেদি হাসান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার দামোদরপুর ইউপির মোস্তফাপুর ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একটি বালু বোঝাই ট্রাক্টর বালু নিয়ে শহরের দিকে আসার সময় মোস্তফাপুর ঘাট নামক স্থানে অটোভ্যানের সঙ্গে ধাক্কা লাগলে শিশু মেহেদি ভ্যান হতে ছিটকে পড়ে যায়।

গৌরীপুর (ময়মনসিংহ): গৌরীপুরে সিএনজি চালিত অটোরিকশা ও ইঞ্জিন চালিত হ্যান্ডট্রলির সংঘর্ষে সালমা খাতুন নামে এক নারী নিহত ও তিনজন আহত হয়েছেন। গত মঙ্গলবার শাহগঞ্জ-গৌরীপুর সড়কে উপজেলার অচিনপুর ইউনিয়নের গাগলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বড়াইগ্রাম (নাটোর): বড়াইগ্রামের বনপাড়া এলাকায় মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে আব্দুল বারী নামে এক স্কুল শিক্ষক নিহত ও অপর শিক্ষক আবু জাফর গুরুতর আহত হয়েছেন। গতকাল বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের ফিডার রোডে বনপাড়া পাটোয়ারী ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা দুইজনেই আগ্রান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

পাথরঘাটা (বরগুনা): পাথরঘাটায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. সাব্বির (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। গতকাল উপজেলার কাঁঠালতলী-চরদুয়ানি সড়কে এ ঘটনা ঘটে। সাব্বির উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের মো. চুন্নু মোল্লার ছেলে ও সপ্তগ্রাম মাধ্যমিক স্কুল এ্যান্ড কলেজের ছাত্র।

ভ্রাম্যমাণ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার খড়িখালী নামক স্থানে কন্টেইনার চাপায় লিয়াকত আলী মন্ডল (৫০) নামের এক ভিক্ষুক নিহত হয়েছে। গতকাল খড়িখালীর ইয়াফাত ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। লিয়াকত সদর উপজেলার নরসিংহপুর গ্রামের বিশারত মন্ডলের ছেলে।