দুর্নীতির বিরুদ্ধে সকলেই সম্পৃক্ত হোক

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২০

নরসিংদীতে দুদক মহাপরিচালক

নরসিংদী প্রতিনিধি

দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদক মাঠে আছে, কাউকে ছাড় দেয়া হবে না। আমরা চাই দেশকে দুর্নীতি মুক্ত করতে সকলেই আমাদের সাথে সম্পৃক্ত হোক। তিনি মঙ্গলবার নরসিংদীর শিবপুরে সবুজ পাহাড় বিশ্ববিদ্যালয় কলেজে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত প্রাতিষ্ঠানিক পরিবেশ সুরক্ষা, পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতা সভা, সততা স্টোর উদ্বোধন এবং দুর্নীতি প্রতিরোধ কমিটি ও তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির যৌথ উদ্যোগে অবসরপ্রাপ্ত সম্মানিত শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর সূর্য্যকান্ত দাসের সভাপতিত্বে এবং জেলা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বশিরুল ইসলাম বশিরের সঞ্চালনায় দুই পর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির, দুদক সমন্বিত জেলা ঢাকা-২ এর উপ-পরিচালক এস.এম শাহিদুর রহমান, সমন্বিত জেলা ঢাকা-২ এর সহকারি পরিচালক মো. নজরুল ইসলাম, ইউএস প্রবাসী ড. দেলোয়ার মুর্শেদ, সবুজ পাহাড় কলেজের অধ্যক্ষ মো. গিয়াস উদ্দিন, জেলা প্রতিরোধ কমিটির সহ সভাপতি ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, নরসিংদী জেলা জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সিনি: সহ-সভাপতি শান্ত বণিক, তালেব হোসেন একাডেমির সভাপতি মো. তফাজ্জল হোসেন মাস্টার, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য যথাক্রমে অধ্যক্ষ অহিভূষণ চক্রবর্তী, হলধর দাস, মো. মাসুদ মাহমুদ, মোস্তাক আহম্মদ ভূঞা, মোছলেহউদ্দিন মাস্টার প্রমুখ। প্রধান অতিথি বলেন, শিক্ষাখাতে সরকার প্রতি বছর প্রচুর বাজেট বরাদ্দ দিচ্ছেন। কিন্তু সেই মোতাবেক আদর্শ মানুষ গড়ে উঠছে না। শিক্ষা প্রতিষ্ঠান থেকে আদর্শ মানুষ গড়ে উঠলে দেশে দুর্নীতি অনেক কমে যাবে।