বিফলে গেল সাব্বিরের সেঞ্চুরি

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩২

সাব্বির রহমান রুম্মন অনেক বিতর্কের ভেতর দিয়ে নিউজিল্যান্ড সফরের জাতীয় দলে ডাক পেয়েছেন। সবকিছুর পরও তার ওপর আস্থা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। সেই আস্থার প্রতিদান দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে সেঞ্চুরি করেছেন তিনি। এটি ছিল সাব্বিরের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি। কিন্তু এই সেঞ্চুরিও বিফলে গেছে। শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৮ রানে হেরেছে বাংলাদেশ দল। আর এই পরাজয়ের ফলে সফরকারী বাংলাদেশ ৩-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে।

টসে জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছিল বাংলাদেশ। শুরুতে কলিন মুনরোর উইকেট হারিয়েছিল তারা। এরপর কিউই ব্যাটসম্যানরা একেক করে চড়াও হয়েছেন বাংলাদেশী বোলারদের ওপর। পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন হেনরি নিকোলস, রস টেইলর ও টম লাথাম। এ ছাড়া জিমি নিশম ২৪ বলে ৩৭ এবং কলিন ডি গ্র্যান্ডহোম ১৫ বলে ৩৭ রানের ইনিংস খেলেন। ফলে নিউজিল্যান্ড ৬ উইকেটে ৩৩০ রানের বিশাল স্কোর গড়ে।

জবাব দিতে নামা বাংলাদেশ ২ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে। ৩টি উইকেটই তুলে নেন এই ম্যাচ দিয়ে ফেরা টিম সাউদি। এরপর মুশফি ১৭ ও মাহমুদউল্লা ১৬ রান করেন। তবে বাংলাদেশের সম্মান রক্ষা করেন সাব্বির রহমান রুম্মন। তিনি সাইফউদ্দিন ও মেহেদী হাসান মিরাজের সাথে দুটো ভালো জুটি করেন। সাইফ ৪৪ রান ও মিরাজ ৩৭ রান করেন। সবশেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে সাব্বির ১১০ বলে ১০২ রানের ইনিংস খেলেন। সবমিলিয়ে ৪৭.২ ওভারে ২৪২ রানে অলআউট হয় বাংলাদেশ।