পরীক্ষায় বসা হলো না সাবরিনার

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ২২:৩০

সড়ক দুর্ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবরিনা আক্তার নিহত হয়েছেন। তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে অধ্যয়নরত ছিলেন। আগামী ২০ ডিসেম্বর থেকে শুরু হওয়া সেমিস্টার পরীক্ষা দিতে ঢাকায় আসছিলেন তিনি। ঢাকায় আসার পথেই দুর্ঘটনার শিকার হন সাবরিনা।

শনিবার (১৮ ডিসেম্বর) বেলা ১২টায় নোয়াখালীর সোনাইমুড়ীতে রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় নিহত হন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন সাবরিনার পিতা। 

এবিষয়ে সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক ইবরাহীম খলিল বলেন, বেলা সাড়ে ১২টার দিকে একটি ইটবোঝাই ট্রাক তাকে চাপা দিলে, তিনি ঘটনাস্থলেই মারা যান। আমরা হাইওয়ে থানার পুলিশকে জানিয়েছি, তারা এসে আইনানুগ ব্যবস্থা নিবে। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যুর খবর শুনেছি৷ আমরা তার পরিবারের সাথে যোগাযোগের করেছি, থানায় কথা বলেছি। মৃতদেহ যেন পোস্টমর্টেম না করা হয়, সে বিষয়ে কথা বলছি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক ড. আইনুল ইসলাম বলেন, একজন উঠতি মেধাবী শিক্ষার্থীর এই অকাল মৃত্যুতে আমরা শোকাহত। তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত।

এদিকে সাবরিনার মৃত্যুতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শোকের ছায়া নেমে এসেছে। বিভাগের চেয়ারম্যান শাহ নিস্তার জাহান কবির বিভাগের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন।

ইত্তেফাক/এসটিএম