কর্মীদের তোপের মুখে ফখরুল ও মওদুদরা

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩৪

রাজধানীতে এক আলোচনাসভা চলাকালে বিএনপির কর্মীদের তোপের মুখে পড়েন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির কেন্দ্রীয় নেতারা। গতকাল বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও আন্দোলন কর্মসূচি নিয়ে হট্টগোল হয়েছে। দর্শক সারিতে বসা বিএনপির কর্মী-সমর্থকরা খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন কর্মসূচি ঘোষণার দাবি জানাতে থাকেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বক্তব্য দিচ্ছিলেন। তখন দর্শক সারি থেকে এক নেতা বলে ওঠেন, খালেদা জিয়ার মুক্তি কবে এবং কিভাবে পাবেন? হল রুম খালি কেন? পরে দর্শক সারি থেকে বহু নেতা-কর্মী এই নিয়ে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে মওদুদ আহমদ বলেন, হবে। একটু ধৈর্য ধরতে হবে। আমাদের সুপরিকল্পিত আন্দোলন করতে হবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য শুরু করলে এক দর্শক সারি থেকে আওয়াজ আসে, ‘বিএনপির কমিটি ভেঙে দেন। আজকে হল খালি কেন?’ এসময় মির্জা ফখরুল বলেন, কর্মসূচি আসবে। ধৈর্য ধরতে হবে। এরপর মির্জা ফখরুল ক্ষুব্ধ কণ্ঠে বলেন, দাঁড়ান, হলে বসে চিত্কার করলে হবে না। এ সময় কর্মীরা আরও উত্তেজিত হয়ে যান। পরে পরিস্থিতি সামলে বিএনপির মহাসচিব বলেন, আপনারা কেন ভাবছেন ব্যর্থ হয়েছেন। আপনারা ব্যর্থ হননি। আওয়ামী লীগ পরাজিত হয়েছে। আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েম করতে ১০ বছর ধরে নির্যাতন চালাচ্ছে। তিনি বলেন, একুশের চেতনা ধারণ করে আমাদের সামনে দিকে এগিয়ে যেগে হবে। স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সেই লড়াইয়ে আমরা বিজয়ী হবোই।

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, আমরা যদি ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামি ও আন্দোলন করতে পারি তাহলে অবশ্যই খালেদা জিয়ার মুক্তি হবে। মহান ভাষা দিবস উপলক্ষে এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।