প্রতিবারের মতো এবারও নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এবার বিজয়ের ৫০ বছরের সুবর্ণজয়ন্তী উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
এতে অংশগ্রহণ করেছে অলস্টারস ড্যাফোডিল, কালচারাল ক্লাব, বন্ধুসভা, কমিউনিকেশন ক্লাব, ডিআইইউ ইএলসি, ডিআইইউ ক্রিয়েটিভ পার্ক ও ফটোগ্রাফিক সোসাইটিসহ বিশ্ববিদ্যালয়ের ৩২টি ক্লাব।
ডিএসএর তত্বাবধানে পুরো অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে আশুলিয়ায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে। সেখানে মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠ ও বীরাঙ্গনাদের স্মরণে নাটক পরিবেশন করেছে বিশ্ববিদ্যালয়ের থিয়েটার ক্লাব অলস্টারস ড্যাফোডিল। ‘আমরা তোমাদের ভুলে গেছি’ শিরোনামের এই নাটকে সাতজন বীরশ্রেষ্ঠ ও বীরাঙ্গনা তারামন বিবিকে চিত্রায়িত করা হয়েছে। নাটকটি রচনা করেছেন আলফেসানি শুভ ও নির্দেশনায় ছিলেন আহমেদ মেরাজ।
নাটকটির মাধ্যমে তুলে ধরা হয়েছে এই দেশের নানা অসঙ্গতিপূর্ণ দিকগুলো। যা দেখে কষ্ট পাচ্ছেন দেশের জন্য জীবন দেওয়া মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠ ও বীরাঙ্গনারা। আর সেই কষ্টের কথাগুলোই কল্পনায় তাদের মুখ থেকে শোনানোর চেষ্টা করা হয়েছে। বীরশ্রেষ্ঠ চরিত্রে অভিনয় করেছেন সিফাত, তাহসিন, সাকিব, সাদি, নিশান, মোয়াজ ও সাঈদ এবং বীরাঙ্গনা চরিত্রে ফাতেমা নিশু। এছাড়া বাবলি চরিত্রে শারমিন নিশু, মা চরিত্রে রিতি, মিউজিকে আদি ও ফাহিম, কবিতায় জয়া সাহা ও মুশফিক এবং নৃত্য পরিবেশন করেন মুন্না মনির ও তিতলি তিথি।
এর বাইরে বিজয় কনসার্টের পুরো দায়িত্বে ছিল কালচারাল ক্লাব। তারা দেশাত্মবোধক গানে উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখে। ছিল একক নাচ, সমবেত নাচ ও ১৬ ডিসেম্বর উপলক্ষে ১৬ জনের ১৬টা কবিতা।
এছাড়া সাংস্কৃতিক পরিবেশনায় ছিল ফিল্ম সোসাইটি ও ব্যান্ড ক্লাব। ডেকোরেশন, ম্যানেজম্যান্ট ও আলপনাসহ সার্বিক তত্বাবধানে ছিল বন্ধুসভা, ডিআইইউ ক্রিয়েটিভ পার্ক ও ভল্যান্টারি সার্ভিস ক্লাবসহ অন্য ক্লাবগুলো। উপস্থাপনায় ছিলেন মাজহারুল হক মুহাজির ও দেওয়ান বাবরি।
তার আগে অনুষ্ঠানের প্রথমদিন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।
