আদমদীঘিতে বিধবার গাছ কেটে নিল দুর্বৃত্তরা

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ০৪:৩৯

বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের কুসুম্বী গ্রামের এক অসহায় বিধবার ১৬টি মূল্যবান ইউক্যালিপ্টাস গাছ কেটে নিয়ে বিক্রি করে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বিধবা রওশন আরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা গেছে, রওশন আরা গত ১২ ডিসেম্বর বাড়িতে না থাকার সুযোগে পাশের বাড়ির মৃত ইসমাইল হোসেনের ছেলে হারুনসহ তার লোকজন ৩০ বছর বয়সি ১৬টি ইউক্যালিপ্টাস গাছ কেটে নিয়ে যায়। পরদিন বাড়িতে ফিরে রওশন আরা প্রতিবাদ করলে হারুনসহ তার লোকজন মারমুখী হয়ে ওঠে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ সংক্রান্ত অভিযোগ পাওয়ার বিষয় নিশ্চিত করেন। তিনি জানান, কেটে ফেলা গাছের কাঠ উদ্ধারের চেষ্টা চলছে। 

ইত্তেফাক/এএএম