এনইউবিডিয়ানস ক্যারিয়ার মিটআপ

৫০০ তরুণ পেলেন ক্যারিয়ার নির্দেশনা

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৪:২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘এনইউবিডিয়ানস ক্যারিয়ার মিটআপ’। যেখানে প্রায় অর্ধহাজার তরুণ-তরুণীকে দেশের বিভিন্ন খাতের সফল ব্যক্তিরা নির্দেশনা দিয়েছেন।

গত শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে রাজশাহী কলেজ ক্যাম্পাসে এই আয়োজন শুরু হয়। সারাদিন ব্যাপী অনুষ্ঠিত এই আয়োজনের শুরুর পর্যায়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এরপর আয়োজিত হয় গেমিং শো; যেখানে অংশ নেন উপস্থিত শিক্ষার্থীদের একাংশ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান 'হাউজ অফ এনইউবিডিয়ানস'-এর আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন আকিজ ভেঞ্চারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আলমগীর, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।

এনইউবিডিয়ানস ক্যারিয়ার মিটআপে অংশ নেয়া শিক্ষার্থীরা

এহতেশাম হকের উপস্থাপনায় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, আকিজ ভেঞ্চারের ব্র্যান্ড ম্যানেজার আবদুল আজিজ, জেনেরাল ম্যানেজার মাইদুল ইসলাম, 'হাউজ অফ এনইউবিডিয়ানস'-এর  প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ সকালসহ প্রমুখ।

সারাদিন ব্যাপী অনুষ্ঠিত এই আয়োজনে আলোচনা করা হয় শিক্ষার্থীদের ক্যারিয়ার দিকনির্দেশনা নিয়ে। অতিথিরা নিজেদের বক্তব্যে শিক্ষার্থীদের আগামীর জন্য পরামর্শসহ কথা বলেন নানান বিষয় নিয়ে। এছাড়াও সামাজিক কাজের জন্য পুরষ্কৃত করা হয় রাজশাহীর সেরা ৪০ জন এনইউবিডিয়ানসকে। 

এনইউবিডিয়ানস ক্যারিয়ার মিটআপে বক্তাদের উদ্দেশ্যে প্রশ্ন করছেন এক অংশগ্রহণকারী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঘিরে কাজ করে আসছে হাউজ অফ এনইউবিডিয়ানস নামক এই প্লাটফর্ম। যেখানে প্রতিনিয়ত অনলাইনে ক্লাস করছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক লাখ ২০ হাজারের বেশি শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি  প্রতিষ্ঠানটি কাজ করছে পড়ালেখার পাশাপাশি নানান সহশিক্ষা নিয়েও। নানান বিষয়ে কটেন্টসহ সাপ্তাহিক কুইজ, টেস্টসহ নানান কার্যক্রমের সাথে কাজ করছেন শিক্ষার্থীদের দক্ষতার উপর প্রশিক্ষণ নিয়েও।

ইত্তেফাক/এসটিএম