ভোটের আশায় জমি দান!

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ০০:৪৮

সিরাজগঞ্জের শাহজাদপুরে ভোটে জেতার আশায় জমি দান করার অভিযোগ পাওয়া গেছে এক মহিলা মেম্বার প্রার্থীর বিরুদ্ধে।

শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত আসনটিতে প্রার্থী হয়েছেন মোছা. মোমেনা খাতুনসহ আরো দুই জন। মোমেনা খাতুন বর্তমানে সংরক্ষিত আসনে নারী ইউপি সদস্য। তিনি এবারও প্রার্থী হয়েছেন। বিজয় নিশ্চিত করতে মাদলা ও কাকিলামারী হাফিজিয়া ফোরকানিয়া মাদ্রাসায় তিনি তিন শতাংশ ভূমি রেজিস্ট্রি কবলা মূলে ভোটের আগে দান করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রতিপক্ষরা বলছেন, জমি দান করে তাদের টেক্কা দিয়ে বিজয় ছিনিয়ে আনতে মোমেনার এই অপচেষ্টা। মোমেনা খাতুন এবার মাইক মার্কা নিয়ে নির্বাচন করছেন। গতকাল শনিবার সকালে ঐ মাদ্রাসার পাশে প্যান্ডেল করে নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনাসভায় মোমেনা বেগমকে দুই গ্রামের পক্ষ থেকে সমর্থন জানানো হয়। এ নিয়ে এলাকায় হইচই পড়ে যায়।

তবে মোমেনা বেগমের স্বজনরা জানান, মোমেনার শ্বশুর হযরত আলী ও স্বামী তাইজুল ইসলাম ৮ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সাবেক ইউপি সদস্য ছিলেন। মোমেনা বেগমও বর্তমান ইউপি সদস্য (সংরক্ষিত)।

স্বজনরা আরো জানান, মোমেনার শ্বশুর প্রয়াত সাবেক মেম্বার হযরত আলী বহু আগে ঐ জায়গা মাদ্রাসার নামে মৌখিকভাবে দান করে দিয়েছিলেন। সেটিই এখন দলিল করে দেওয়া হয়েছে। মোবাইল ফোনে বিষয়টি নিয়ে মোমেনা বেগমের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ভোটে জেতার জন্য কোনো প্রার্থী অর্থ ও জমি দান করতে পারেন না। এতে আচরণবিধি লঙ্ঘিত হয়েছে। বিষয়টি নিয়ে আমাকে কেউ লিখিত বা মৌখিক অভিযোগ করেনি।

উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নসহ ১০টি ইউনিয়নে চতুর্থ ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইত্তেফাক/এমআর