ইতিহাস গড়লো শিশু সাঁতারু লারিসা

আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ০৩:৫৪

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত বাংলা চ্যানেল সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়ে ইতিহাস গড়ল ১০ বছর চার মাস বয়সি শিশু সাঁতারু সৈয়দা লারিসা রোজেন। সে রাজধানীর একটি স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। এবার বাংলা চ্যানেল সাঁতারে অংশ নেয় ৭৯ জন সাঁতারু। গতকাল সোমবার বেলা ১১টার দিকে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া সমুদ্র সৈকত থেকে সাঁতার শুরু করে তারা।

কিশোরী লারিসার সঙ্গে সাঁতারে অংশ নেন তার বাবা সৈয়দ আক্তারুজ্জামান ও বড় ভাই সৈয়দ আরবিন আয়ান। দুই সন্তানের সঙ্গে অংশ নিয়ে বাংলা চ্যানেল সাঁতারে উদ্ধারকারী ছিলেন তাদের মা। মাঝপথে দুই ভাইবোন ঢেউয়ের সঙ্গে যুদ্ধে ব্যর্থ হলে উদ্ধারকারীরা তাদের তুলে নেন। সাঁতার শুরুর আগে সাংবাদিকদের পক্ষ থেকে লারিসাকে প্রশ্ন করা হয়, কেমন লাগছে? জবাবে  লারিসা বলে, ‘একটু ভয় ভয় করছে। তবে আশা করছি আমি পারব। সবাই আমার জন্য দোয়া করবেন।’

‘ফরচুন বাংলা চ্যানেল সাঁতার-২০২১’ স্লোগানে এ প্রতিযোগিতার আয়োজন করে ষড়জ অ্যাডভেঞ্চার ও এক্সট্রিম বাংলা। এবারের সাঁতারুদের মাঝে একজন ফ্রান্সের নাগরিক ও এক নারী রয়েছেন। সাঁতারে ১৬ দশমিক ১ কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে বেলা ২টা ৩০ মিনিটে (৪ ঘণ্টা ৯ মি.) সেন্টমার্টিনে প্রথম পৌঁছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলাম রাসেল। সবচেয়ে কম সময়ে বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার গৌরবও অর্জন করেন তিনি।

ইত্তেফাক/কেকে