২১ ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদায় ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’ হিসেবে পালন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদ। গত মঙ্গলবার এক বিবৃতিতে জামায়াত আমির বলেন, ২১ ফেব্রুয়ারির মহান শহীদদের রক্ত এবং ত্যাগের বিনিময়ে বাংলা ভাষা রাষ্ট্রভাষা ও আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা লাভ করেছে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য যারা শহীদ হয়েছেন জাতি তাঁদের চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আমি ভাষা আন্দোলনের মহান শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং তাঁদের মাগফিরাতের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করছি। তিনি বলেন, বাংলা ভাষাকে সর্বস্তরে যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠা করে বিজাতীয় শিক্ষা ও সাংস্কৃতিক আগ্রাসন থেকে বাংলা ভাষাকে হেফাজত করতে হবে। তাহলেই ভাষা আন্দোলনের শহীদদের স্বপ্ন স্বার্থক হবে।
