সফররত অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী কারিন নেইসি বলেছেন, মিয়ানমারে বিভিন্ন দেশসহ অনেক প্রতিষ্ঠান বিনিয়োগ করেছে। তাদের উচিত রোহিঙ্গা সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করা। গতকাল বুধবার ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
কারিন নেইসি বলেন, মিয়ানমারের আইনি ও সামাজিক কাঠামো তৈরি করার পাশাপাশি রোহিঙ্গাদের মতো অভ্যন্তরীণ সমস্যা সমাধানের জন্য বিদেশি বিনিয়োগকারী দেশগুলোর একযোগে কাজ করা উচিত। তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশ হিসেবে তারাও এই সমস্যা সমাধানের জন্য একাধিকবার আহ্বান জানিয়েছেন। এক্ষেত্রে তারা এককভাবে নয় বরং সমষ্টিগতভাবে এ সমস্যার সমাধানের জন্য চেষ্টা চালাবেন। বাংলাদেশে অস্ট্রিয়ার ব্যবসায়ীরা অবকাঠামো, ওষুধ, দক্ষতা উন্নয়ন, শিক্ষা ইত্যাদি বিষয়ে কাজ করতে আগ্রহী বলে জানান পররাষ্ট্রমন্ত্রী কারিন।
পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, বাংলাদেশের প্রচুর বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তরের প্রয়োজন আছে এবং অস্ট্রিয়া এ বিষয়ে বাংলাদেশকে অংশীদার হিসেবে সহায়তা করবে। তারা এখানে এসেছে আমাদের অংশীদার হতে এবং তারা দক্ষতা উন্নয়নের বিষয়ে সহযোগিতা করতে রাজি। ঢাকা-ভিয়েনার সরাসরি বিমান যোগাযোগের বিষয়ে তিনি বলেন, আশা করি শিগগিরই এর একটা সুরাহা হবে।
