একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জাতি। রক্ত দিয়ে যে মিনার গড়েছেন ভাষা শহীদ ও সংগ্রামীরা, ফুলেল ভালোবাসায় তা পূর্ণ করেছে জনতা। রাত বারোটা এক মিনিটে শহীদ মিনারে সর্বপ্রথম ফুলেল শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
এরপর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর শ্রদ্ধা নিবেদনের পর শ্রদ্ধা জ্ঞাপন করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও মন্ত্রিপরিষদের সদস্যরা। এরপর ডেপুটি স্পিকার, তিন বাহিনীর প্রধানগণ, পুলিশের মহাপরিদর্শক, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বিদেশি কূটনীতিকবর্গ, বিরোধীদল জাতীয় পার্টি-জাপা, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।
