ফুলবাড়ীতে বিলুপ্তপ্রায় প্রজাতির শকুন উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার সকালে শকুনটি দিনাজপুর জেলার সিংরায়র শালবনে অবমুক্ত করার জন্য পাঠানো হয়েছে। এর আগে, সোমবার সকালে ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা এলাকার আমতলা বাজারসংলগ্ন মাঠ থেকে জালে আটকানো অবস্হায় শকুনটি উদ্ধার করা হয়।
স্হানীয়রা জানায়, উদ্ধারকৃত শকুনটি আহম্মদ আলী নামে এক ব্যক্তি উদ্ধার করে কুটিচন্দ্রখানা এলাকার নিজ বাড়িতে নিয়ে আসে। খবর পেয়ে উপজেলা বন বিভাগের কর্মকর্তা শকুনটি উদ্ধার করে কুড়িগ্রাম বন বিভাগে প্রেরণ করে। ঐ এলাকার আব্দুল আজিজ মজনু জানান, ১৫-২০ বছর আগে এলাকায় শকুন দেখা যেত। এখন আর আগের মতো দেখা পাওয়া যায় না। অনেক বছর পর শকুনটি দেখলাম। উপজেলা বন কর্মকর্তা মো. নবীর উদ্দিন জানান, ভারত থেকে শকুনটি এসেছে বলে ধারণা করা হচ্ছে। এটি বিলুপ্তপ্রায় প্রজাতির শকুন।
কুড়িগ্রাম জেলা বন বিভাগের কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, ভারত সীমান্তঘেঁষা ফুলবাড়ী উপজেলা থেকে শকুনটি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে দিনাজপুর জেলার সিংরায়র শালবনে অবমুক্ত করার জন্য পাঠানো হয়েছে।
