বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রাইজমানি ঘোষণা করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। বিপিএলের অষ্টম আসরের শিরোপাজয়ী দল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে পাবে ১ কোটি টাকা।
বুধবার (২২ ডিসেম্বর) বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শিরোপাজয়ী দল ১ কোটি টাকা এবং রানার-আপ দল ৫০ লাখ টাকা প্রাইজমানি পাবে।
ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন, পূর্বপরিকল্পনা অনুযায়ী আগামী ২০ জানুয়ারি থেকে বিপিএল শুরুর সিদ্ধান্ত এখনও বহাল রেখেছে বিপিএল গভর্নিং কাউন্সিল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিউজিল্যান্ড সফর শেষ করে ফেরা টেস্ট ক্রিকেটাররা দেশে ফেরার পরই শুরু হবে বিপিএলের পুরো আয়োজন।
দুই টেস্ট খেলে নিউজিল্যান্ড থেকে ১৪ বা ১৫ তারিখ ক্রিকেট দল বাংলাদেশে আসার কথা রয়েছে। ৪-৫ দিন খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে ২০ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএল আর শেষ হবে ২০ ফেব্রুয়ারি।
করোনা পরিস্থিতি ও ক্রিকেট দলের ব্যস্ত সূচির কারণে এবারের বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের সম্ভাবনা কম বলেও জানান মল্লিক।

