বিনামূল্যে খাবার না পেয়ে খাবারের দোকানের এক ম্যানেজারকে লাঞ্ছিত করেছে এক পুলিশ কর্মকর্তা। ওই ঘটনার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। এনিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। এই ঘটনা ভারতের।
দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত সহকারী পুলিশ পরিদর্শক বিক্রম পাতিলকে গতকাল মধ্যরাতে মুম্বাইয়ের এক খাবারের দোকানে হেঁটে যেতে দেখা যায়। এসময় ওই খাবারের দোকান বন্ধ ছিল। এরপরও অভিযুক্ত পুলিশ কর্মকর্তা বিনামূল্যে খাবার চান।
ভিডিওতে দেখা যায়, বিক্রম পাতিল ঐ খাবারের দোকানের কর্মীকে বারবার হাত দিয়ে পেটাচ্ছিলেন। এক প্রত্যক্ষদর্শী জানান, বিক্রম পাতিল খাবারের দোকানের রান্না ঘরে প্রবেশ করেন এবং খাবার চান। এসময় তাকে দেখে মদ্যপ মনে হয়েছে।
ওই দোকানের ম্যানেজার গণেশ পাতিল জানান, সেসময় রাত ১২ টা ৩৫ মিনিট। তিনি পুলিশ কর্মকর্তাকে বলেন রান্নাঘর বন্ধ, কিন্তু পুলিশ তা শুনেননি। উল্টো তাকে বেধড়ক মারেন।
তথ্যসূত্র: এনডিটিভি
