ইউপি নির্বাচনে বেড়েই চলেছে সহিংসতা 

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ০৯:৪১

ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সংঘর্ষ, ভাঙচুর চলছেই। মানা হচ্ছে না নির্বাচনি আচরণবিধি। ঝিনাইদহের শৈলকুপায় লাঠি মিছিল ও অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। হবিগঞ্জের লাখাইয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে পুলিশসহ আহত হয়েছে অর্ধশতাধিক।

ভ্রাম্যমাণ প্রতিনিধি জানান, ঝিনাইদহের শৈলকুপায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনি আচরণবিধি প্রতিপালন ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা থেকে ফিরে লাঠি মিছিল হয়েছে সারুটিয়া ইউনিয়নে। বুধবার দুপুরে প্রশাসনের উদ্যোগে নির্বাচনে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য এ সভা আনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান ও মেম্বাররা সভায় উপস্হিত ছিলেন। তারা নির্বাচনি আচরণবিধি মেনে চলার অঙ্গীকার করেন। জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা নির্বাচন অফিসারের উপস্হিতিতে তারা অঙ্গীকার করেন। সারুটিয়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান মামুন ও স্বতন্ত্র প্রার্থী জুলফিকার কায়সার টিপু একে অপরের বিরুদ্ধে হামলা ভাঙচুর, মোটরসাইকেল পোড়ানোসহ সংঘর্ষের অভিযোগ করেন। দুই জনই আচরণবিধি মেনে নির্বাচনি প্রচারণার অঙ্গীকার করেন। কিন্তু এলাকায় ফিরে কাতলাগাড়ি এলাকায় লাঠি মিছিল হয় নৌকা প্রার্থীর পক্ষে। বৃহস্পতিবার সকালে কৃষ্ণনগর এলাকায় দুই পক্ষের সংঘর্ষে তিন জন আহত হয়েছে। অন্তত ছয়টি বাড়িতে হামলা ও ভাঙচুর হয়েছে। বুধবার উমেদপুর ইউনিয়নে রয়েড়া বাজারে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। উক্ত মতবিনিময় সভায় যারা নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্হা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে।

হবিগঞ্জ প্রতিনিধি জানান, লাখাই উপজেলার মুড়াকড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ দুই পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করা ছাড়াও দেশীয় অস্ত্র ব্যবহার করে। গুরুতর আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে পুলিশ ১৭৫ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্হিতি নিয়ন্ত্রণে আনে। গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে মুড়াকড়ি বাজারে হবিগঞ্জ-লাখাই সড়কে এ সংঘর্ষের এ ঘটনা ঘটে।

জানা যায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সালাহউদ্দিন সুমনের মধ্যে বিরোধ চলছিল। আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই জনই স্বতন্ত্র প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বুধবার সন্ধ্যায় মুড়াকড়ি বাজারে দুই পক্ষের লোকজনের মধ্যে ঝগড়ার জের হিসেবে সংঘর্ষ শুরু হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্হলে পৌঁছে টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্হিতি নিয়ন্ত্রণে আনে। লাখাই থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন সুমন জানান, সংঘর্ষ থামাতে গিয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামসহ ৯ পুলিশ সদস্য আহত হয়েছেন।

ইত্তেফাক/কেকে