টাঙ্গাইলের ভুঞাপুরে নৌকায় জোরপূর্বক ভোট দেওয়াকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ও বিশৃঙ্খলার কারণে একটি কেন্দ্রে ভোটপ্রদান স্থগিত করা হয়েছে। রবিবার (২৬ ডিসেম্বর ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার অলোয়া ইউনিয়নের আকালু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।
ভোটাররা জানান, নৌকার কর্মীরা প্রকাশ্যে সিল মারতে ছিল। এসময় নৌকার সঙ্গে এক ইউপি সদস্য প্রার্থীর সিলও মারতে ছিল। এসময় স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা বাধা দিলে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
জানা গেছে, কেন্দ্রে জোরপূর্বক ভোট প্রদানকে কেন্দ্র নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে কেন্দ্রে বিশৃঙ্খলার কারণে সেখানে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
আলেয়া ইউনিয়নের আকালু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ভোট দেওয়াকে কেন্দ্র করে কেন্দ্রের ভিতর দুইপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা কারণে বিশৃঙ্খলার সৃষ্টি হলে সকাল সাড়ে ৯টা থেকে ভোট গ্রহণ স্থগিত করা হয়।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, টাঙ্গাইলের তিনটি উপজেলার ২১ ইউনিয়নের ভোটগ্রহণ চলছে। ঘাটাইল উপজেলার আনেহলা, ঘাটাইল, দিগড়, দিগড়কান্দি, দেউলাবাড়ী, দেওপাড়া, লোকেরপাড়া; টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া, গালা, ঘারিন্দা, দাইন্যা, পোড়াবাড়ি, বাঘিল, মগড়া, হুগড়া ও ভূঞাপুর উপজেলার অর্জুনা, অলোয়া, গাবসারা, গোবিন্দাসী, নিকরাইল এবং ফলদা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
জেলা নির্বাচন কর্মকর্তা এএইচ এম কামরুল হাসান বলেন, 'সকাল ৮টা থেকে জেলার তিনটি উপজেলার ২১ টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে ৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া ৮জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং ১৮জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ কেন্দ্রে ৬ জন করে পুলিশ এবং সাধারণ কেন্দ্রে ৫ জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। একইসাথে প্রতিটি কেন্দ্রে ১৮জন করে আনসার সদস্যও দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রতিটি উপজেলায় র্যাব এবং ডিবির টিমও কাজ করছেন। আশা করছি বিগত সময়ের মতো এবারও নির্বাচন সুষ্ঠু হবে।
