আয়রন ও জুসার মেশিনের নীচে ৭ কোটি টাকার স্বর্ণ 

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১৪:১৩

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১১ কেজি ২শত ২০ গ্রাম ওজনের স্বর্ণ উদ্ধার হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টায় বাংলাদেশ বিমানের (বিজি-২৪৮) একটি ফ্লাইটে দুবাই থেকে আসা ৪ যাত্রীর কাছ থেকে এই স্বর্ণ উদ্ধার করা হয়। অবৈধভাবে স্বর্ণ বহন করায় চার জনকে আটক করেছে শুল্ক গোয়েন্দাদের দল। বিষয়টি নিশ্চিত করেন ওসমানী বিমানবন্দরের শুল্ক গোয়েন্দার উপ কমিশনার মো. আল-আমিন।

গ্রেফতারকৃতরা হলেন, হবিগঞ্জ জেলার  নবীগঞ্জের শেখ মো. জাহিদ, কানাইঘাটের কায়স্থগ্রামের মকবুল আলী, কেউরিয়া হাওরের বশির উদ্দিন ও বাঁশবাড়ি সুলতান মাহমুদ।

ওসমানী বিমানবন্দরের শুল্ক গোয়েন্দার উপ কমিশনার মো. আল-আমিন জানান, আটককৃতরা বিশেষ উপায়ে  আয়রন মেশিন ও জুসার মেশিনের নীচে স্বর্ণ ঢালাই করে তারা সিলেটে নিয়ে আসেন। তাদের চলাফেরা সন্দেহ হলে তাদের মালামাল তল্লাশি করে স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের  বাজার মূল্য ৭ কোটি টাকা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

 

ইত্তেফাক/ ইআ